নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার অধীনস্থ কোতোয়ালি থানা কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র নেতা মুহাম্মদ আখতার হাছান।
রবিবার (২৫ অক্টোবর) নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের শহীদ সুলেমান হলে সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন কোতোয়ালি থানা কৃষকদলের ১০১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুহাম্মদ আখতার হাছান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” দলের এই মূলমন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে তিনি এক বিবৃতিতে বলেন, “জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল থেকে মাঠপর্যায়ের কৃষকদের অধিকার রক্ষা এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। দলের শীর্ষ নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, আমি আমার সততা, নিষ্ঠ ও শ্রম দিয়ে তার যথাযথ মূল্যায়ন করব।”
উল্লেখ্য, মুহাম্মদ আখতার হাছান ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক সিনিয়র ছাত্রদল নেতা ছিলেন। এ ছাড়া তিনি সিলেট ল-কলেজে ‘বিশ্বনাথ-বালাগঞ্জ আইন ছাত্র কল্যাণ সংসদ’-এর সভাপতি এবং ‘সিলেট বিভাগ উন্নয়ন ছাত্র সংগ্রাম পরিষদের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে রাজনীতির পাশাপাশি তিনি ফ্রান্স প্রবাসী হিসেবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।
নিজস্ব সংবাদ : 













