শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দক্ষ জনশক্তিতে পরিণত করে রেস্টুরেন্ট খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)-এর উদ্যোগে আয়োজিত বিনামূল্যের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণের প্রথম সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে প্যারিসের ফাস্তি কার্যালয়ে ছয় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। গত ১১ জুলাই শুরু হওয়া প্রথম ব্যাচে অংশ নেওয়া ১৬ জন প্রবাসী বাংলাদেশি প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্স শেষ করেন।
সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে উপস্থিতি সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান বাবু, এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন এবং চ্যানেল ইউরোপের ফ্রান্স প্রতিনিধি জুনেদ ফারহান।
অতিথিরা সাফ’র এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয়।’ তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা সুশির ইতিহাস, আন্তর্জাতিক মানের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি সুশি রাইস প্রস্তুত, মাছ কাটার কৌশল এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সুশি তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষক সুশি শেফ আব্দুর রহমান বলেন, “শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা শেষে তারা এখন ফ্রান্সের রেস্টুরেন্ট খাতে পেশাদারভাবে কাজ করার জন্য প্রস্তুত।”
সংগঠনের প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, “প্রবাসী বাংলাদেশিদের দক্ষ করে তোলা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ‘সাফ’-এর মূল লক্ষ্য। প্রথম সেশনের অভূতপূর্ব সাফল্য আমাদের আরও উৎসাহিত করেছে। আগামী দিনেও বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, বিনামূল্যে আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণে অংশ নিয়ে তারা বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন। এই অভিজ্ঞতা ফ্রান্সের রেস্টুরেন্ট শিল্পে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
প্রথম সেশন কোর্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফ’র সিনিয়র সহসভাপতি ইরান, রুমন আহমেদ এবং সাধারণ সম্পাদক শাহীন আহমদ। প্রথম সেশনের সাফল্যের ধারাবাহিকতায় শীঘ্রই ‘সাফ সুশি ফরমাসিঁও’-এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিজস্ব সংবাদ : 










