প্যারিস প্রতিনিধি : ফ্রান্সে বাংলাদেশি সংস্কৃতি প্রসারের পাশাপাশি বিভিন্ন দেশীয় ঐতিহ্যের মিশেলে ‘ঈদ বাণিজ্য মেলা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সলিডারিতে আঁজি ফ্রান্সের (সাফ) উদ্যোগে প্যারিসের ঐতিহাসিক প্ল্যাস দ্য লা বাস্তিল চত্বরে বর্ণিল আয়োজনে এই ঈদ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়।
সরজমিনে দেখা গেছে, ঈদের আবহ ছড়িয়ে দিতে পণ্য বিক্রি করা বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও প্রবাসীদের মিলনমেলায় ভরে ওঠে রিপাবলিক চত্বর। অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশতাধিক স্টল স্থান পায়। যেখানে শিশু-কিশোর, নারী, পুরষের পোশাকের পাশাপাশি ছিল গয়না, প্রসাধনীসহ রকমারি দেশিয় খাবার।
আয়োজকরা জানান, প্রচারের তুলনায় বেশ সাড়া পেয়েছেন তারা। বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন উদ্যোক্তারা। মেলার আয়োজক সাফ’র প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ঈদকে সামনে রেখে স্বদেশীদের হাতে দেশীয় পণ্য তুলে দেয়া এবং উদ্যোক্তা সৃষ্টি ও প্রসারের লক্ষেই এ মেলার আয়োজন। তিনি বলেন, ‘বাংলাদেশিদের পাশাপাশি ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের মানুষের নিজস্ব সংস্কৃতির আদান-প্রদান ও মেলবন্ধনকে আরও সূদৃঢ় করার প্রয়াস নিয়েই আমাদের এই উদ্যোগ।’ চমৎকার এ আয়োজনে সফল করার জন্য সাফ’র সকল সদস্য ও সেচ্ছাসেবকদের তিনি ধন্যবাদ জানান।
উদ্যোক্তারা বলেন, যথেষ্ট সাড়া পেয়েছি। প্রবাসীরা মেলায় এসেই দেশি পণ্য খুঁজে নিয়েছেন। মেলায় আগত বাংলাদেশি দর্শনার্থীরা জানান, পরবাসে কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে কখন ঈদ আসে, কখন ঈদ চলে যায় দেশীয় আবহে তা উপলব্ধি করার সুযোগ হয়ে ওঠে না। এ মেলার ফলে ঈদের পূর্ব মুহূর্তে একটা ভিন্নমাত্রার ঈদের আমেজ অনুভব করছি। একইসঙ্গে ফ্রান্সের সংস্কৃতির এবং বাংলাদেশের সংস্কৃতির বিনিময়ের অভিনব চর্চা এ মেলায় আমরা দেখতে পেরেছি।
দর্শনার্থীরা সুন্দর এ আয়োজনের জন্য মেলার আয়োজক ‘সাফ’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মেলায় আগত স্বরলিপি গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন বলেন, সত্যিই অসাধারণ! সবার উপস্থিতিতে মনেই হচ্ছে না প্রবাসের মাটিতে দাড়িয়ে আছি। এ যেন আমাদের নাঁড়িপোতা একখণ্ড বাংলাদেশ।
তিনি বলেন, নিঃসন্দেহে এ আয়োজন আমাদের আগামী প্রজন্মের পাথেয় হয়ে থাকবে। বিশেষ করে নারীরা যে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ না থেকে আবহমান বাংলার প্রচলিত শৃঙ্খল ভেঙে নিজের পরিবার এবং সমাজে অবদান রাখতে পারে এই মেলায় তার একটি অনন্য দৃষ্টান্ত।
সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত এবারের মেলায় কাপড়, খেলনা, জুয়েলারি ও প্রসাধনীসহ ছিল হরেক রকমের খাবারের স্টল। এছাড়া মেলায় সবার জন্য কুইজ সিভিক টেস্ট, মহিলাদের জন্য ফুটবল গোলবার, স্টলের উদ্যোক্তাদের জন্য মোমবাতি দৌড়, পুরুষদের জন্য ডিমের খোলস খোলা, বাচ্চাদের জন্য সাফ কালার গেম, মেমরি গেমসহ নানা খেলাধূলা ও আকর্ষণীয় পুরস্কার ছিল।
নিজস্ব সংবাদ : 









