অভিবাসন ডেস্ক :: ফ্রান্স প্রবাসী বাংলাদেশি, প্যারিস-১৩ মেজঁ ব্লঁশ এলাকার বাসিন্দা এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০ নং বাদেপাশা ইউনিয়নের বাদেপাশা গ্রামের ডাক্তার বাড়ী নিবাসী প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর রহমান (৯০) আর নেই।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৬টায় প্যারিসের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মরহুম ক্যাপ্টেন মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র এবং একুশে পদকপ্রাপ্ত মরহুম ডা. মুজিবুর রহমান ও মরহুম ইঞ্জিনিয়ার নজিবুর রহমানের ছোট ভাই।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর রহমান ফ্রান্স প্রবাসী ওলিউর রহমান এবং প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা। প্রবীণ এই মুরব্বির প্রয়াণে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও নিজ জন্মভূমি গোলাপগঞ্জের বাদেপাশা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজের সময় ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে পরিবার ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হবে।
তাঁর এই আকস্মিক ও শোকাবহ মৃত্যুতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এদিকে মরহুম প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি এনায়েত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং ফ্রান্স ট্রিবিউনের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু। পৃথক এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও বিশেষ করে সহকর্মী সাংবাদিক মোহাম্মদ হাফিজুর রহমানের প্রতি গভীর সমবেদনা জানান।
নিজস্ব সংবাদ : 











