ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা

আধুনিক বৈশ্বিক পর্যটন শিল্পের বিকাশ ও টেকসই রূপান্তরের মূল চালিকাশক্তি হলো একটি সমন্বিত ও গতিশীল আবাসন ব্যবস্থা। তবে বাংলাদেশের বর্তমান আইনি ও প্রশাসনিক কাঠামোতে আবাসন খাতের সংজ্ঞা এবং তদারকি ব্যবস্থা অত্যন্ত প্রাচীন ও আমলাতান্ত্রিক বেড়াজালে বন্দি, যা নতুন যুগের পরিবেশ-বান্ধব ও উদ্ভাবনী পর্যটন স্টার্টআপগুলোর বিকাশের প্রধান অন্তরায় নিয়ে লিখেছেন জামিউল আহমেদ

ভূমিকা: আধুনিক বৈশ্বিক পর্যটন শিল্পের বিকাশ ও টেকসই রূপান্তরের মূল চালিকাশক্তি হলো একটি সমন্বিত ও গতিশীল আবাসন ব্যবস্থা। তবে বাংলাদেশের বর্তমান আইনি ও প্রশাসনিক কাঠামোতে আবাসন খাতের সংজ্ঞা এবং তদারকি ব্যবস্থা অত্যন্ত প্রাচীন ও আমলাতান্ত্রিক বেড়াজালে বন্দি, যা নতুন যুগের পরিবেশ-বান্ধব ও উদ্ভাবনী পর্যটন স্টার্টআপগুলোর বিকাশের প্রধান অন্তরায়। অতীতের একাধিক আইন সংস্কারের প্রয়াস লাল ফিতার দৌরাত্ম্যে থমকে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটি স্পষ্ট যে, সনাতনী নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে ‘স্মার্ট পর্যটন’ বা ‘স্মার্ট বাংলাদেশ’-এর রূপকল্প বাস্তবায়ন অসম্ভব। এই বাস্তবতায়, বিশ্বজুড়ে সফল পর্যটন দেশগুলোর আইনি মডেল এবং কানাডার কুইবেক কিংবা জাপানের আধুনিক প্রোপার্টি লাইসেন্সিং দর্শনের আলোকে সব ধরণের বাণিজ্যিক ও ক্ষুদ্র আবাসনকে একটি একক ছাতার নিচে নিয়ে আসা আজ সময়ের দাবি। এই নিবন্ধের মূল লক্ষ্য হলো—আমলাতান্ত্রিক শৃঙ্খল ভেঙে বাংলাদেশের পর্যটন আবাসন খাতের টেকসই সংস্কার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে একটি আধুনিক ‘সমন্বিত পর্যটন আবাসন আইন’(Integrated Tourism Accommodation Act)-এর সুনির্দিষ্ট রূপরেখা ও বাস্তবায়নের পথনকশা তুলে ধরা।

অনুচ্ছেদ একঃ

পর্যটনে আবাসন খাতের গুরুত্ব

পর্যটন শতভাগ সেবা নির্ভর একটি শিল্প। এই শিল্পের সেবা খাত বেশ বিস্তৃত এবং নাজুকও বটে। এর মধ্যে রয়েছে যানবাহন, আবাসন, খাবার ও পানীয়, বিনোদন এবং ট্র্যাভেল ও ট্যুরস। এসব সেবা খাতের আবার প্রত্যেকটির রয়েছে উপ-খাত। সব মিলিয়ে সেবার এই যে ভাণ্ডার তার মধ্যে গুরুত্ব বিবেচনায় একটির চেয়ে আরেকটি তেমন একটা পিছিয়ে থাকার নয়।

তারপরও আবাসন খাত তার দীর্ঘ ঐতিহ্য, গ্রহণযোগ্যতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ভালো একটি অবস্থান নিয়ে আছে। বিশেষ করে পর্যটকদের চাহিদা এবং পর্যটক আকর্ষণের সাথে মিল রেখে আবাসন খাত দিন দিন বৈচিত্রময় হয়ে উটছে। বৃদ্ধি পাচ্ছে আবাসনের ধরণ এবং তার সাথে মানের সংস্করণ। এজন্য সাধারণ থেকে শুরু করে তারকা মান কি নেই এই আবাসন খাতের গণ্ডিতে।

পর্যটকরা তাদের পর্যটন কর্মকাণ্ড নিয়ে যতই ব্যস্ত থাকুক না কেন দিন শেষে যখন বিশ্রামের কাছে নিজেকে সমর্পণ করতে হয় তখন যে মানের আবাসনই হোক না কেন তা পছন্দের সাথে স্বাস্থ্যসম্মত না হলেই নয়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসনকে গুরুত্ব দেয়া হয়েছে বলেই একজন দর্শনার্থী তখনই পর্যটক হন যখন তিনি কমপক্ষে একটি রাত যাপন করেন।

তাই পর্যটনে আবাসন একটি অত্যাবশ্যকীয় উপাদান বা অনুষঙ্গ। যেজন্য পর্যটন খাতের মেরুদণ্ড হলো আবাসন যেমন হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউস, ট্যুরিস্ট হোম, কটেজ ইত্যাদি। আবাসন ব্যবস্থা ভালো না হলে পর্যটকেরা সেখানে অবস্থান করেন না, ফলে স্থানীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা বা দেশীয় পুঁজির প্রবাহ সচল হয় না। সব মিলিয়ে পর্যটনে আবাসনকে গুরুত্ব না দেয়ার বিকল্প থাকেনা।

অনুচ্ছেদ দুইঃ

আইনের দুর্বলতার শিকার যেসব আবাসন

বাংলাদেশের পর্যটন মূলত প্রকৃতি এবং সংস্কৃতি নির্ভর। গোটা বাংলাদেশ জুড়ে অসংখ্য প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পর্যটক আকর্ষণ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। যেজন্য বলা যায় আমাদের গোটা বাংলাদেশটা একটা পর্যটন হাব বা পর্যটক বিচরণ কেন্দ্র।

তারপরও ভৌগলিক অবস্থান, পরিবেশ, সৌন্দর্য, আকর্ষণ তথা পর্যটক আকর্ষণ ক্ষমতার বিচারে এগিয়ে রয়েছে সমতলের কক্সবাজার ও সুন্দরবন অঞ্চল; সমতল ও পাহাড়ের সিলেট অঞ্চল এবং পাহাড়ের চট্রগ্রাম পার্বত্য অঞ্চল। আবার এই চারটি অঞ্চল ঘিরেই পর্যটনের যতসব দুর্গতি। ইদানীং আবার এসব দুর্গতি যেনো পর্যটনের পিছু ছাড়ছেনা।

যেমনটি সিলেটের সাদাপাথর কেলেঙ্কারি এবং দুষ্কৃতিকারী কর্তৃক পর্যটক হেনস্থা; পার্বত্য অঞ্চলে প্রায়শই সড়ক অবরোধে হাজার হাজার পর্যটক আটকে পড়া; কক্সবাজারে সমুদ্র সৈকতে পানিতে ডুবে ও রিসোর্টে অগ্নিকাণ্ডে অনেকগুলো তাজা প্রাণের বিসর্জন এবং সুন্দরবনের আশপাশ জুড়ে গড়ে উঠা রিসোর্টগুলো অবৈধ ঘোষণা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

তবে, সর্বশেষ কক্সবাজারে একটি রিসোর্টে মর্মান্তিক ও প্রাণঘাতি অগ্নিকাণ্ডের ফলে ১১ জন পর্যটকের হৃদয়বিদারক মৃত্যু; সুন্দরবন ঘিরে গড়ে উঠা রিসোর্ট বিতর্ক এবং দেশজুড়ে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা অগনিত বৈধ-অবৈধ “রিসোর্ট” এখন পর্যটনের জন্য যেনো এক বিষফোঁড়া। এই বিষফোঁড়ার চিকিৎসা এখনই না করা গেলে নিকট ভবিষ্যতে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে

এজন্য প্রথমেই আমাদের একটু পিছন থেকে শুরু করতে হবে। কেন না আলোচ্য এসব রিসোর্ট পর্যটন সেবার একটি খাত তথা আবাসন খাতের অন্তর্ভূক্ত। আবার আবাসন খাতের মধ্যে রয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, গেষ্ট হাউজ, ট্যুরিস্ট হোম, হলিডে হোম, হোমষ্টে, হোস্টেল, এপার্টমেন্ট, কটেজ, কন্ডোমিনিয়াম, লজ, ভিলা, ব্রেড এন্ড ব্রেকফাষ্ট ইত্যাদি।

তবে, বাংলাদেশে আদি হোটেল দিয়েই শুরু। বাদবাকী দু’একটা কিছু থাকলেও তা আমলে নেয়ার মত ছিলনা। এই অবস্থায় নব্বুইয়ের দশক থেকে শুরু করে নতুন মিলেনিয়ামে এসে যখন গেষ্ট হাউস ব্যবসা রমরমা হয়েগেলো এবং অসংখ্য গেষ্ট হাউজ জন্ম নিতে লাগলো তখনই দেখা দিল আইনি জটিলতা। বিশেষ করে সরকারিভাবে লাইসেন্স প্রাপ্তি প্রায় অসম্ভব হয়ে গেলো।

কেন না ১৯৮২ সালের হোটেল ও রেস্তোরাঁ অধ্যাদেশ এর ধারা ২ (ছ) এ বর্ণীত সংজ্ঞায় হোটেল বলতে যা বুঝানো হয়েছিলো তাতে গেষ্ট হাউজ বা এ ধরণের কোন আবাসন প্রতিষ্ঠানের উল্লেখ না থাকায় বিষয়টির কোন সুরাহা হলোনা। এমতাবস্থায় পরবর্তীতে যখন ২০১৪ সালে নতুন হোটেল ও রেস্তোরাঁ আইন প্রণীত হলো তখন এর ধারা ২(১৩) এ বর্ণীত সংজ্ঞায় ঐ আগে যা ছিল তাই রেখে শুধু বলে দেয়া হলো গেষ্ট হাউজ, মোটেল, রিসোর্ট, রেস্ট হাউজ যে নামেই অভিহিত হোক না কেনো তা ঐ হোটেল বলেই গন্য হবে। অর্থাৎ আইনের খোলস পাল্টালেও ভেতরে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।

এতেকরে সমস্যা আরো প্রকট হলো। সময়ের সাথে পাল্লা দিয়ে গড়ে ওঠা এসব আবাসন প্রতিষ্ঠানের আলাদা আলাদা সংজ্ঞা, পরিচালন পদ্ধতি, আচরবিধি ইত্যাদি কিছুই উল্লেখ না থাকার প্রেক্ষাপটে যার যা খুশি করার সুযোগ সৃষ্টি হলো। তাতে করে দেশ জুড়ে ব্যাঙের ছাতার মত শত শত রিসোর্ট জন্ম নিতে লাগলো। এমন কি যেকোন স্থানে যেকেউ একটা দালান তৈরী করে রিসোর্ট নামে চালিয়ে দিতে লাগলো। অথচ প্রকৃত অর্থে এগুলো কোন রিসোর্টতো নয়ই উপরন্ত গোটা আবাসন ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে।

অনুচ্ছেদ তিনঃ

বিদ্যমান আইনের সীমাবদ্ধতা ও প্রায়োগিক জটিলতা

২০১৪ সালের বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনের প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো পর্যটন খাতের বর্তমান প্রসারের তুলনায় বেশ দুর্বল। এই আইনের ধারা ২(৪) ও ৪(১)(ক) অনুযায়ী জেলা প্রশাসককে নিবন্ধন ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে, যা ধারা ৫(ক) মোতাবেক অনধিক দুই তারকা মানের সব ধরনের হোটেলের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে, তিন ও তদুর্ধ্ব তারকা মানের হোটেলের ক্ষেত্রে সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তা লাইসেন্সিং সংক্রান্ত দায়িত্ব পালন করেন।

বাস্তব ক্ষেত্রে জেলা প্রশাসন কর্তৃক লাইসেন্স ইস্যুর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ছাড়াও নানা ধরনের প্রশাসনিক হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তবে সবচেয়ে বড় সংকটটি দৃশ্যমান হয় তদারকি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে। জেলা প্রশাসনের এ বিষয়ে বিশেষায়িত অভিজ্ঞতার অভাব যেমন রয়েছে, তেমনি রয়েছে চরম লোকবল সংকট। এর বড় প্রমাণ মেলে সাম্প্রতিক সময়ে কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে; যেখানে দেখা যায় কক্সবাজারের ৩৬০টিরও বেশি রিসোর্টের মধ্যে মাত্র ৫০টির বৈধ লাইসেন্স রয়েছে।

তাছাড়া, বিদ্যমান আইনে হোটেলের সংজ্ঞা অত্যন্ত অস্পষ্ট ও সংকীর্ণ। ফলে মোটেল, রিসোর্ট ও গেস্টহাউসগুলোর সরাসরি লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়। একইভাবে আধুনিক পর্যটনের জনপ্রিয় অনুষঙ্গ যেমন—ছোট রিসোর্ট, ট্যুরিস্ট হোম, ডে-হোম, কটেজ, ইকো-লজ কিংবা অ্যাপার্টমেন্ট হাউসগুলো লাইসেন্স প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে এবং সামগ্রিক তদারকির বাইরে থেকে যাচ্ছে।

আরেকটি বড় আইনি প্রতিবন্ধকতা হলো, কেবল ১০ বা তার অধিক কক্ষবিশিষ্ট প্রতিষ্ঠানের জন্যই লাইসেন্সের বিধান রাখা হয়েছে। এর ফলে ১ থেকে ৯টি কক্ষবিশিষ্ট ছোট রিসোর্ট, হোমস্টে, বুটিক কটেজ কিংবা হাউজবোটের মতো উদীয়মান আবাসিক প্রতিষ্ঠানগুলো বৈধভাবে ব্যবসা করতে চেয়েও লাইসেন্স পাচ্ছে না। এর দ্বিমুখী নেতিবাচক প্রভাব পড়ছে: একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব (কর) হারাচ্ছে, অন্যদিকে নিয়মতান্ত্রিক ট্র্যাকিং বা নজরদারি না থাকায় এসব প্রতিষ্ঠানে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

অনুচ্ছে চার:

বিদ্যমান আইন সংস্কারের অতীত প্রয়াস ও অংশগ্রহণমূলক অভিজ্ঞতা

১৯৮২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে আমাদের পর্যটন আবাসন খাত সময়ের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে। তবে প্রশ্ন জাগে—বিগত সাড়ে চার দশকে এই আইনি কাঠামো সংশোধন বা যুগোপযোগী করার কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ আদৌ নেওয়া হয়েছিল কি না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমলাতান্ত্রিক জটিলতা ও সদিচ্ছার অভাবের এক হতাশাজনক চিত্র ফুটে ওঠে, যার সঙ্গে এই লেখকের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও অভিজ্ঞতা রয়েছে।

বিগত বছরগুলোতে আইনটি আধুনিকীকরণের অন্তত তিনটি বড় সুযোগ আমরা হাতছাড়া করেছি। এর মধ্যে প্রথম দুটি কমিটির সদস্য হিসেবে এবং তৃতীয়টিতে একক দায়িত্ব পালনকারী হিসেবে লেখকের সরাসরি কাজ করার অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে অতীত প্রয়াসগুলো নিচে তুলে ধরা হলো:

(ক) ১৯৮২ সালের আইন সংশোধনের উদ্যোগ: ১৯৮২ সালের ‘হোটেল ও রেস্তোরাঁ আইন’ সংশোধনের জন্য গঠিত কমিটি বিদ্যমান ও উদীয়মান আবাসন ব্যবস্থাগুলোর অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে একটি আধুনিক আইন প্রণয়নের সুপারিশ করেছিল। কিন্তু চূড়ান্ত আইন প্রণয়নের সময় সেই যুগোপযোগী সুপারিশগুলো সম্পূর্ণ উপেক্ষা করা হয়।

(খ)  ২০০৭ সালের একক পর্যটন আইনের খসড়া: ২০০৭ সালে পর্যটন শিল্পের আইনি ঘাটতি পূরণে সরকারি ও বেসরকারি খাতের যৌথ সম্মতিতে একটি আধুনিক ও বাস্তবসম্মত “একক পর্যটন আইন” তৈরির জন্য খসড়া প্রণয়ন কমিটি গঠিত হয়। এই খসড়ায় যে প্রশাসনিক কাঠামোর প্রস্তাব করা হয়েছিল, তার অধীনেই আবাসন খাতের জন্য বিশেষ বিধি প্রণয়নের ক্ষমতা এবং সব ধরনের প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আমলাতান্ত্রিক অদৃশ্য কোনো কারণে বা প্রশাসনের অনাগ্রহে এই খসড়াটি আর আলোর মুখ দেখেনি। ফলে পর্যটন আবাসনের আধুনিকায়নের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায়।

(গ) ২০১২ সালের পর্যটন পণ্যের আঞ্চলিক বিকেন্দ্রীকরণ উদ্যোগ: ২০১২ সালে পর্যটনের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সরকার পর্যটন পণ্যের ওপর ভিত্তি করে সমগ্র বাংলাদেশকে ১০টি বিশেষ অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেয়। তৎকালীন এফবিসিসিআই (FBCCI)-এর ট্যুরিজম ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে লেখককে এই খসড়া প্রণয়নের একক দায়িত্ব দেওয়া হয়। ২০১২ সালের ১১ মে এফবিসিসিআই আয়োজিত একটি জাতীয় সেমিনারে লেখকের প্রণীত এই খসড়াটি উপস্থাপিত হলে তা সর্বমহলে বিপুল গ্রহণযোগ্যতা পায়। তৎকালীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ওই সেমিনারেই এটি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন। কিন্তু নিয়তির পরিহাস, সেই চিরাচরিত আমলাতান্ত্রিক জটিলতার বেড়াজালে আটকে এই উদ্যোগটিও আলোর মুখ দেখেনি। অথচ এটি বাস্তবায়িত হলে আজ আবাসনের নিবন্ধন ও নিয়ন্ত্রণের যে তীব্র সংকট আমরা দেখছি, তা সহজেই নিরসন করা সম্ভব হতো।

অতীতের এই তিক্ত অভিজ্ঞতা থেকে এটি স্পষ্ট যে, আবাসন খাতের আইন সংশোধন ও আধুনিকীকরণের জন্য শুধু ইচ্ছা ও পরিকল্পনাই যথেষ্ট নয়, যদি না নীতিনির্ধারকদের রাজনৈতিক সদিচ্ছা ও জবাবদিহিতা থাকে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, আইনি অস্পষ্টতা ও নীতিগত অব্যবস্থাপনার কারণে আজ আমাদের সম্ভাবনাময় আবাসন খাতকে এক বিশাল খেসারত দিতে হচ্ছে।

অনুচ্ছেদ পাঁচঃ

কি হতে পারে সমস্যা সমাধানের পদক্ষেপগুলো

(ক) বিতর্কিত রিসোর্ট, রিসোর্ট হোটেল এবং হোটেল এর মধ্যেকার পার্থক্য নিরূপন  

সবকিছু বিবেচনায় নিয়ে বিশ্বের সফল দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমাদের আবাসন ব্যবস্থাকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। তবে সেই মূল সংস্কারে যাওয়ার আগে, বহুল আলোচিত ও বিতর্কিত ‘রিসোর্ট’ ধারণার সাথে ‘রিসোর্ট হোটেল’ এবং ‘হোটেল’-এর গুণগত ও কাঠামোগত পার্থক্য নিরূপণ করা জরুরি। কারণ, আবাসনের সাধারণ ধারণাগত রূপ এবং এর সুনির্দিষ্ট আইনি সংজ্ঞা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আর এই আইনি অস্পষ্টতা দূর করার লক্ষ্যেই এই তিনটি মাধ্যমের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য পরিষ্কার করা আবশ্যক:

  • রিসোর্ট (Resort): রিসোর্ট হচ্ছে সমুদ্রসৈকত, পাহাড়, বন, হাওর, গ্রামাঞ্চল কিংবা শহরের কোলাহলমুক্ত কোনো প্রাকৃতিক ও beauty-mattered স্থানে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ অবকাশযাপন কেন্দ্র। এর মূল উদ্দেশ্য কেবল পর্যটককে রাতযাপনের সুবিধা দেওয়া নয়, বরং একটি সমন্বিত বিনোদন ও আরামদায়ক অভিজ্ঞতা (Leisure Experience) প্রদান করা। তাই একটি আদর্শ রিসোর্টে আবাসন ও রেস্তোরাঁর পাশাপাশি বিশাল উন্মুক্ত স্থান, সুইমিংপুল, ইনডোর-আউটডোর খেলাধুলা, স্পা এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের নানাবিধ সুযোগ-সুবিধা থাকা বাধ্যতামূলক।
  • রিসোর্ট হোটেল (Resort Hotel): রিসোর্ট হোটেল হচ্ছে মূলত কোনো নির্দিষ্ট পর্যটনকেন্দ্র বা অবকাশযাপন এলাকার ভেতরে বা তার সন্নিকটে অবস্থিত এমন একটি পূর্ণাঙ্গ হোটেল, যা মানসম্মত আবাসন ও আধুনিক হোটেলসেবার (রিসেপশন, হাউসকিপিং, ডাইনিং, কনফারেন্স সুবিধা) পাশাপাশি অতিথিদের আংশিক অবকাশযাপনের সুযোগ দেয়। এটি মূল রিসোর্টের ভেতরে একটি স্বাধীন অংশ হিসেবে কিংবা তার সহযোগী অবকাঠামো হিসেবেও গড়া হতে পারে।
  • হোটেল (Hotel): হোটেল হচ্ছে শহর, বিমানবন্দর, ব্যবসাকেন্দ্র কিংবা পর্যটনকেন্দ্রসহ যেকোনো সুবিধাজনক স্থানে গড়ে ওঠা এমন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার মূল ফোকাস থাকে অতিথিদের মানসম্মত আবাসন (Accommodation) ও আতিথেয়তাসেবা প্রদান করা। এখানে মূলত শয়নকক্ষ, রিসেপশন, হাউসকিপিং, খাবার এবং প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কিছু প্রাতিষ্ঠানিক সুবিধা (যেমন মিটিং রুম বা জিম) থাকে।

পার্থক্য ও সম্পর্কের সারসংক্ষেপ:

সহজ কথায়, সব রিসোর্ট হোটেলকেই এক ধরণের রিসোর্ট আবাসন বলা চলে, কারণ তারা অবকাশযাপনের আবহাওয়া ধারণ করে। কিন্তু সব হোটেল কোনোভাবেই রিসোর্ট নয়। সুতরাং, আইনি ও বাণিজ্যিক ফাঁকফোকর গলে কেবল নামের সঙ্গে ‘রিসোর্ট’শব্দটি যুক্ত করলেই কোনো প্রতিষ্ঠান প্রকৃত অর্থে রিসোর্টের আইনি বা কাঠামোগত বৈশিষ্ট্য অর্জন করে না।

(খ) পর্যটন আবাসন নিবন্ধন ও বৈশ্বিক মডেলের প্রয়োগ

বিদ্যমান “বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪”-এর প্রধান তিনটি মৌলিক সংকট ইতিমধ্যে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এগুলো হলো:

  • প্রথমত, প্রশাসনিক দুর্বলতার কারণে লাইসেন্স প্রাপ্তির দীর্ঘসূত্রতা এবং যথাযথ প্রাতিষ্ঠানিক তদারকির অভাব;
  • দ্বিতীয়ত, হোটেল তথা পর্যটন আবাসন প্রতিষ্ঠানের সংজ্ঞাগত অস্পষ্টতা ও কাঠামোগত দুর্বলতা; এবং
  • তৃতীয়ত, ১০ কক্ষের চেয়ে কম কক্ষ বিশিষ্ট ক্ষুদ্র ও মাঝারি আবাসন প্রতিষ্ঠানগুলোর আইনি স্বীকৃতি বা লাইসেন্স প্রাপ্তির সুযোগ না থাকা।

বিদ্যমান আইনি কাঠামোতে অনধিক দুই তারকা মান পর্যন্ত হোটলের নিবন্ধন ও নিয়ন্ত্রণের একক ক্ষমতা অর্পণ করা হয়েছে জেলা প্রশাসকের (ডিসি) ওপর। কিন্তু লাইসেন্স প্রদানের সুস্পষ্ট নির্দেশনার অভাব, দীর্ঘমেয়াদী কালক্ষেপণ এবং আমলাতান্ত্রিক জটিলতায় এই পুরো প্রক্রিয়াটি আজ উদ্যোক্তাদের জন্য এক যাতাকলে পরিণত হয়েছে। তদুপরি, জেলা প্রশাসনের আতিথেয়তা খাতের কারিগরি অভিজ্ঞতা এবং প্রশিক্ষিত লোকবলের তীব্র সংকটের কারণে মাঠপর্যায়ে বাস্তবসম্মত তদারকি প্রক্রিয়াটি শুধু ব্যাহতই হচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে তা পুরোপুরি লোকদেখানো আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে।

এই প্রশাসনিক অচলাবস্থা থেকে পরিত্রাণ এবং একটি আধুনিক, হয়রানিমুক্ত ও কার্যকর নিবন্ধন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি প্রগতিশীল “সমন্বিত পর্যটন আবাসন আইন” (Integrated Tourism Accommodation Act) প্রণয়নের কোনো বিকল্প নেই। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় নীতিগত প্রশ্নটি হলো—এই নিবন্ধন ও নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব কোন প্রতিষ্ঠানের ওপর অর্পিত হবে?

তাত্ত্বিকভাবে “বাংলাদেশ ট্যুরিজম বোর্ড” (বিটিবি)-কে বিবেচনার সুযোগ থাকলেও, তাদের বর্তমান লোকবলের ঘাটতি এবং দেশব্যাপী বিস্তৃত প্রশাসনিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে সারা দেশে এই আইন বাস্তবায়ন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। অন্যদিকে, “বাংলাদেশ পর্যটন করপোরেশন” (বাপক) বাণিজ্যিক ও কারিগরি দিক থেকে অভিজ্ঞ হলেও, দেশব্যাপী এই বিশাল আইনি তদারকি কার্যক্রম পরিচালনার জন্য একে আমূল ঢেলে সাজানোর প্রয়োজন পড়বে, যা বর্তমান প্রেক্ষাপটে সময়সাপেক্ষ।

এই বাস্তবতায় সবচেয়ে টেকসই ও উত্তম সমাধান হতে পারে—২০১২ সালে সরকার কর্তৃক পর্যটন পণ্য বা অঞ্চলভিত্তিক যে দশটি “পর্যটন অঞ্চল”প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল, তা অনতিবিলম্বে বাস্তবায়ন করা। এই পর্যটন অঞ্চলগুলোকে কেন্দ্র করে সরাসরি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে একটি “বিশেষ পর্যটন আবাসন কর্তৃপক্ষ”গঠন করা যেতে পারে, যারা এই নিবন্ধন ও নিয়ন্ত্রণের মূল দায়িত্ব পালন করবে।

এর ফলে সময় এবং সরকারি অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবাসনের প্রশাসনিক ও আইনি দায়িত্বগুলো পর্যায়ক্রমে এই বিশেষ কর্তৃপক্ষের কাছে স্থানান্তরিত করা সহজ হবে। এই আঞ্চলিক কাঠামোটি কেবল একটি লাইসেন্সিং অফিস বা “রিজিওনাল ট্যুরিজম অফিস”(RTO) হিসেবেই সীমাবদ্ধ থাকবে না, বরং প্রশাসনিক কাঠামোর ভেতরে থেকে একটি পূর্ণাঙ্গ “ডেস্টিনেশন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন” (DMO) হিসেবে কাজ করবে। পরবর্তীতে এই DMO মডেলটি উপজেলা পর্যন্ত বিস্তৃত করা সম্ভব হলে তা একদম প্রান্তিক পর্যায়েও স্থানীয় অর্থনীতি ও পর্যটন উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখবে।

তা ছাড়া, এই আঞ্চলিক বা বিশেষ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মধ্য দিয়ে পর্যটনের গোটা প্রশাসনিক কাঠামোকে পুনর্গঠন করা সম্ভব। এর ফলে, মূল মন্ত্রণালয়ের বাইরে থাকা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনসহ (বাপক) আতিথেয়তা খাতের সমকক্ষ সব সংস্থাকে একীভূত করে একটি শক্তিশালী “পর্যটন কর্তৃপক্ষ”গঠনের যে রূপরেখা ২০০৭ সালের একক পর্যটন আইনের খসড়ায় গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছিল, এই বিশেষ কর্তৃপক্ষটিই কালক্রমে মাঠপর্যায়ে তার প্রধান বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

এখন প্রশ্ন হলো—এভাবে একটি বিশেষ কর্তৃপক্ষ সৃষ্টি করে দায়িত্ব অর্পণ করলেই কি মূল সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে? এর সংক্ষিপ্ত ও সরল উত্তর হলো: অবশ্যই না। এর জন্য যা করতে হবে তা হলো, বাংলাদেশের ক্রমবর্ধমান পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে রূপান্তর করার লক্ষ্যে একটি যুগোপযোগী ‘সমন্বিত পর্যটন আবাসন আইন’ (Integrated Tourism Accommodation Act) প্রণয়ন করা। একই সাথে, বিদ্যমান আইনের দুর্বলতা, অস্পষ্টতা ও আসসামাঞ্জস্যতা দূর করার প্রয়োজনে এবং বিশ্বের পর্যটন-সফল দেশগুলোর আদলে সব ধরনের আবাসনকে একটি একক আইনি কাঠামোর আওতায় এনে স্তরভিত্তিক (Tier-based) নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা আবশ্যক। এতে একদিকে যেমন পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও বিশ্বমানের গ্রাহক সেবা নিশ্চিত হবে, অন্যদিকে নতুন স্টার্টআপ ও ‘ডে-হোম’সংস্কৃতির বিকাশ ঘটবে, যা আমাদের গ্রামীণ অর্থনীতিকে সরাসরি শক্তিশালী করবে।

তবে আমাদের এটিও মনে রাখতে হবে যে, আইনগত ও প্রশাসনিক নিয়ন্ত্রণের সুবিধার্থে সব প্রতিষ্ঠানকে একই ছাতার নিচে অন্তর্ভুক্ত করা আর প্রতিটি প্রতিষ্ঠানের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পরিচালন ব্যবস্থা নির্ধারণ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই সুক্ষ্ম পার্থক্যটি অনুধাবন করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে হোটেল, রিসোর্ট, রিসোর্ট হোটেল, মোটেল, গেস্ট হাউস, ইকো-রিসোর্ট, ট্যুরিস্ট হোম, ডে-হোম, হোমস্টে, কটেজসহ আবাসনের প্রতিটি শ্রেণির সুনির্দিষ্ট আইনি সংজ্ঞা থাকতে হবে। পাশাপাশি, প্রতিষ্ঠানের প্রকৃতি অনুযায়ী অবকাঠামো, সেবার মান, নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, পর্যটক-সুবিধা ও পরিচালনার শর্ত সম্বলিত পৃথক পরিচালন বিধিমালা নিশ্চিত করা চাই।

বিদ্যমান আইনের আলোকে আমাদের এটিও বিবেচনায় রাখতে হবে যে, আবাসন ব্যবসা নিয়ন্ত্রণের স্বার্থে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে একটি সাধারণ আইনি সংজ্ঞার আওতায় আনা যেতে পারে; কিন্তু তাদের স্বতন্ত্র প্রকৃতি, উদ্দেশ্য ও সেবার বৈশিষ্ট্যকে অস্বীকার করে একই পরিচয়ে সীমাবদ্ধ রাখা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। বরং প্রতিটি শ্রেণির জন্য পৃথক সংজ্ঞা, মানদণ্ড ও পরিচালনবিধি থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে বিশ্বের সফল দেশগুলোর আইনি মডেলকে উদাহরণ হিসেবে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য নতুন আইন ও বিধিমালা প্রণয়ন করা যেতে পারে।

আমরা যদি মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের বিদ্যমান আবাসন আইনের প্রকৃতি বিশ্লেষণ করি, তবে একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারি। যেমন—মালয়েশিয়ায় আবাসনকে কেবল পৃথক শ্রেণিতেই ভাগ করা হয়নি, বরং ভৌগোলিক অবস্থান ও প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতেও শ্রেণি নির্ধারণের নিয়ম রয়েছে। ফিলিপাইনে হোটেল ও রিসোর্টের যেমন আলাদা সংজ্ঞা রয়েছে, তেমনি অন্যান্য ছোট বা বিকল্প আবাসনকেও পৃথক আইনি শ্রেণিতে রাখা হয়েছে।

অন্যদিকে, ভিয়েতনামের পর্যটন আইনের ৬২ ও ৬৩ অনুচ্ছেদে হোটেল, পর্যটন গ্রাম, পর্যটন ভিলা, পর্যটন অ্যাপার্টমেন্ট, ক্যাম্পসাইট, পর্যটক গেস্ট হাউস এবং পর্যটকদের ভাড়ায় দেওয়া বাড়িসহ বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করা হয়েছে। এসব শ্রেণির জন্য মানভিত্তিক শ্রেণিবিন্যাসের (Star Rating) ব্যবস্থাও রাখা হয়েছে। এ থেকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা হলো—আবাসন ব্যবসাকে একটি সাধারণ নামের বেড়াজালে সীমাবদ্ধ না রেখে আইনি কাঠামোর ভেতরেই প্রতিটির পৃথক সত্ত্বা স্বীকার করা এবং স্বকীয় মানদণ্ড নির্ধারণ করা সম্পূর্ণরূপে সম্ভব।

তবে, বাস্তবতার নিরিখে বাংলাদেশের জন্য উপযোগী একটি ‘সমন্বিত পর্যটন আবাসন আইন’ (Integrated Tourism Accommodation Act) হতে পারে আরও বেশি যুতসই ও কার্যকর। এই আইনে সব আবাসনকে একটি সাধারণ শ্রেণিতে না ফেলে, একই মূল আইনের অধীনে স্বতন্ত্র সংজ্ঞা, শ্রেণিবিন্যাস ও পৃথক পরিচালনবিধি রাখা যাবে। এ ক্ষেত্রে কানাডার কুইবেক প্রদেশ এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সরকারি আইন ও বিধান আমাদের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক।

তুলনামূলক বিচারে, বাংলাদেশের জন্য কানাডার কুইবেকের “ট্যুরিজম অ্যাকোমোডেশন অ্যাক্ট, ২০২৩” (Tourism Accommodation Act, 2023) থেকে সব পর্যটন আবাসনকে একটি সাধারণ আইনগত কাঠামোর আওতায় আনার দর্শনটি গ্রহণ করা সবচেয়ে উত্তম হবে। এতে করে হোটেল, রিসোর্ট, ট্যুরিস্ট হোম ও অন্যান্য আবাসনের জন্য পৃথক শ্রেণি নির্ধারণের কাজটি সহজ হয়।

কারণ, এই মডেলে সব প্রতিষ্ঠান একই মূল আইনের আওতায় থাকবে বটে; কিন্তু সব প্রতিষ্ঠানের ওপর একই ধরনের অবকাঠামোগত শর্ত চাপিয়ে দেওয়া হবে না। একটি ছোট ‘ট্যুরিস্ট হোম’-এর আইনি শর্ত কোনোভাবেই পাঁচতারা হোটেলের মতো কঠোর হওয়া উচিত নয়; আবার একটি সাধারণ গেস্ট হাউসকে শুধু নাম পরিবর্তন করে ‘রিসোর্ট’ হিসেবে বাজারজাত বা উপস্থাপন করার অনৈতিক সুযোগও থাকা উচিত নয়। এক কথায়, এই আইন কাঠামোর সবচেয়ে বড় সুবিধা হলো—এটি আইনগত নিয়ন্ত্রণে ঐক্য এবং প্রতিষ্ঠানের পরিচয় ও পরিচালনায় বৈচিত্র্য—এই দুটিকে যুগপৎ নিশ্চিত করতে পারে।

এবার আসা যাক বিদ্যমান আইনে ১০টির কম কক্ষবিশিষ্ট ক্ষুদ্র আবাসন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বা আইনি স্বীকৃতি পাওয়া থেকে বঞ্চিত থাকার ঐতিহাসিক সংকটের সমাধান প্রসঙ্গে। এই নীতিগত সংস্কারের জন্য প্রথমেই আমাদের এটি মনে রাখতে হবে যে, বিশ্বের সফল পর্যটন দেশগুলো কখনোই কক্ষের সংখ্যার ওপর ভিত্তি করে ব্যবসার সংজ্ঞা নির্ধারণ করে না; বরং “বাণিজ্যিক উদ্দেশ্য”-কে প্রোপার্টি লাইসেন্সিংয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে।

যেমন—যুক্তরাজ্যে মাত্র ১টি কক্ষ বা ১টি পুরো বাড়ি ‘শর্ট-টার্ম রেন্টাল’ (Short-term Rental) হিসেবে ভাড়া দিতে হলেও স্থানীয় কর্তৃপক্ষের কাছে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হয় এবং নির্দিষ্ট কর কোডের আওতায় আসতে হয়। জাপানের সুপরিচিত প্রাইভেট হোম-শেয়ারিং আইন (Minpaku Law) অনুযায়ী, একজন সাধারণ নাগরিক তার বাড়ির একটি মাত্র কক্ষও যদি পর্যটকদের জন্য বুকিং দিতে চান, তবে তাকে অবশ্যই সরকারি ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে একটি ইউনিক লাইসেন্স নম্বর নিতে হয় এবং তা বুকিং সাইটগুলোতে প্রদর্শন করতে হয়। অন্যদিকে, স্পেন ও ইতালিতে “কক্ষ সংখ্যা” কোনো বিবেচ্য বিষয়ই নয়; যেকোনো ধরনের রেন্টাল প্রোপার্টির জন্য একটি ‘ট্যুরিস্টিক লাইসেন্স’ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যাতে শতভাগ কর আদায় নিশ্চিত করা যায় এবং পর্যটকদের নিরাপত্তা বলয় তৈরি হয়।

অতএব, প্রস্তাবিত “সমন্বিত পর্যটন আবাসন আইন” (Integrated Tourism Accommodation Act) প্রণয়নের মাধ্যমে বিদ্যমান আইনের এই ১০ কক্ষ বিষয়ক অযৌক্তিক জটিলতা চিরতরে দূর করা সম্ভব। এর ফলে রাষ্ট্রীয় ও অর্থনৈতিক পর্যায়ে তিনটি বড় ইতিবাচক পরিবর্তন আসবে:

এক. অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি (Inclusive Economy):  ১ থেকে ৯ কক্ষের ক্ষুদ্র মালিক এবং গ্রামীণ উদ্যোক্তারা আইনি কাঠামোর মধ্যে এসে বৈধভাবে ব্যবসা করার অধিকার পাবেন।

দুই. শতভাগ রাজস্ব নিশ্চিতকরণ (Revenue Assurance):  আধুনিক ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে প্রথম কক্ষের প্রথম বুকিং থেকেই সুনির্দিষ্ট কর (যেমন: ১-২% ট্যুরিস্ট লেভি বা ভ্যাট) সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

তিন. জাতীয় নিরাপত্তা (National Security):  আবাসনটি মাত্র ১ কক্ষের হলেও সেখানে অবস্থানকারী দেশি-বিদেশি অতিথির জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্ট কেন্দ্রীয় ট্যুরিস্ট ডেটাবেজে আপলোড করা বাধ্যতামূলক হবে, যা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।

ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে প্রথাগত লাইসেন্সিং প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে হারিয়ে না যান, সেজন্য প্রস্তাবিত আইনে একটি যুগোপযোগী “ডিজিটাল মাইক্রো-লাইসেন্সিং” (Digital Micro-Licensing) পদ্ধতি চালু করতে হবে। এই স্বয়ংক্রিয় ব্যবস্থায় মূলত তিনটি স্তম্ভ থাকবে:

১. ডিজিটাল সেলফ-ডিক্লারেশন (Digital Self-Declaration): ১ থেকে ৯ কক্ষের ক্ষুদ্র আবাসনের জন্য কোনো শারীরিক অফিস পরিদর্শন বা ইন্সপেকশনের প্রয়োজন পড়বে না। প্রোপার্টির মালিক অনলাইনে তার জাতীয় পরিচয়পত্র, বাড়ির মালিকানার দলিল বা লিজ অ্যাগ্রিমেন্ট এবং মৌলিক অগ্নিনির্বাপণ ব্যবস্থার ছবি আপলোড করে মাত্র ১ ঘণ্টার মধ্যে একটি স্বয়ংক্রিয় “মাইক্রো-ট্যুরিজম আবাসন নম্বর” (Micro-Tourism Accommodation Number) পেয়ে যাবেন।

২. স্বয়ংক্রিয় কর ব্যবস্থা (Automated Taxation): এসব ছোট আবাসনগুলোর জন্য কোনো জটিল বাৎসরিক আয়কর রিটার্ন বা ভ্যাট দাখিলের আমলাতান্ত্রিক ঝামেলা রাখা হবে না। বিশ্বখ্যাত বুকিং প্ল্যাটফর্ম (যেমন: Airbnb, Booking.com) কিংবা দেশীয় বুকিং অ্যাপগুলোর (যেমন: GoZayaan, ShareTrip) সাথে সরাসরি সরকারি পেমেন্ট গেটওয়ে যুক্ত থাকবে। প্রতিটি বুকিংয়ের সময় স্বয়ংক্রিয়ভাবে (Automated Split Payment) নির্দিষ্ট ভ্যাট বা লেভি কেটে সরাসরি সরকারি তহবিলে চলে যাবে। ফলে কর ফাঁকির কোনো সুযোগই থাকবে না এবং ব্যবসার খরচ (Cost of Doing Business) সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে।

৩. কমিউনিটি পুলিশিং ইন্টিগ্রেশন (Community Policing Integration): প্রত্যন্ত অঞ্চলের ছোট কটেজ, ডে-হোম বা হোমস্টে বুকিং হওয়া মাত্রই অতিথির মৌলিক তথ্য অ্যাপের এপিআই (API) ইন্টারফেসের মাধ্যমে স্থানীয় থানার ডিজিটাল ডায়েরি বা সিসিটিভি/সিকিউরিটি পোর্টালে স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত হয়ে যাবে। এটি একদিকে যেমন পর্যটকদের স্থানীয় নিরাপত্তা দেবে, অন্যদিকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাকে রিয়েল-টাইম ডেটা দিয়ে সহায়তা করব

(গ) পর্যটন আবাসনের নিয়ন্ত্রণ ও আধুনিক মনিটরিং ব্যবস্থা

আমাদের সর্বদা মনে রাখতে হবে যে, বর্তমান যুগে ডিজিটালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা এআই-এর ওপর নির্ভরশীলতা কেবল ব্যবসার চালিকাশক্তিই নয়; বরং তা বৈশ্বিক প্রতিযোগিতা ও প্রাতিষ্ঠানিক গতিময়তা অর্জনের এক অনবদ্য হাতিয়ার। আমরা সম্প্রতি “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করেছি। অতএব, আধুনিক প্রযুক্তির বাস্তবভিত্তিক ব্যবহার ও প্রয়োগ পর্যটন শিল্পের জন্য কতটা অপরিহার্য, তা সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় রেখেই আমাদের আইনি পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে।

এই লক্ষ্যে, ‘স্মার্ট ট্যুরিজম’ বা স্মার্ট পর্যটনকে শুধু তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে, বিশ্বের উন্নত ও পর্যটন-সফল দেশগুলোর আদলে বাংলাদেশের আবাসন খাত নিয়ন্ত্রণে ডিজিটাল প্রযুক্তির পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত আইনে এই সমন্বিত নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল স্তম্ভগুলো হবে নিম্নরূপ:

১. স্বাধীন আবাসন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (Accommodation Regulatory Authority – ARA)

বিদ্যমান সনাতনী আইনে জেলা প্রশাসককে কেবল একজন একক “নিবন্ধক” হিসেবে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অথচ সারা দেশের হাজার হাজার হোটেল, রিসোর্ট, মোটেল, গেস্টহাউস ও অন্যান্য আবাসন প্রতিষ্ঠান নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিদর্শন বা তদারকির জন্য কোনো স্বাধীন, শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তি-নির্ভর মনিটরিং সেল কিংবা পর্যাপ্ত জনবল কাঠামো দেওয়া হয়নি। এর ফলে কোনো বড় দুর্ঘটনা, অগ্নিকাণ্ড কিংবা চরম অব্যবস্থাপনা ঘটলেই কেবল প্রশাসনের সাময়িক টনক নড়ে; কিন্তু এর আগে কেউ আইন ও নিরাপত্তা মানছে কি না, তা দেখার মতো কোনো স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো নেই।

এই সংকট নিরসনে একটি স্বাধীন ও শক্তিশালী “আবাসন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ” (Accommodation Regulatory Authority – ARA) গঠন করা অপরিহার্য। এটি হবে একটি স্বয়ংক্রিয় ও প্রযুক্তিভিত্তিক আধা-স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রক সংস্থা। এই কর্তৃপক্ষের বোর্ডে কেবল প্রথাগত সরকারি আমলাই থাকবেন না, বরং পর্যটন বিশেষজ্ঞ, ফায়ার সেফটি ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং আবাসন খাতের স্টেকহোল্ডার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। সংক্ষেপে বলতে গেলে, এই সংস্থার মূল কাজ শুধু কাগজের লাইসেন্স দেওয়া হবে না, বরং মাঠপর্যায়ে নিয়মিত ও আধুনিক ডিজিটাল অডিট নিশ্চিত করা হবে।

২. ডিজিটাল মনিটরিং ও স্মার্ট কমপ্লায়েন্স ট্র্যাকার (Smart Compliance Tracker)

ম্যানুয়াল বা সশরীরে গিয়ে পরিদর্শনের সনাতনী ও ত্রুটিপূর্ণ ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে শতভাগ স্বয়ংক্রিয় তদারকির জন্য “স্মার্ট কমপ্লায়েন্স ট্র্যাকার”(Smart Compliance Tracker) চালু করতে হবে। এই ব্যবস্থার অধীনে প্রতিটি নিবন্ধিত আবাসনের ফায়ার সেফটি সার্টিফিকেট, পরিবেশগত ছাড়পত্র এবং সিসিটিভি কাভারেজের লাইভ স্ট্যাটাস একটি কেন্দ্রীয় ডিজিটাল ড্যাশবোর্ডে রিয়েল-টাইমে ট্র্যাক করা হবে। কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে সফটওয়্যার থেকে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ট বা সতর্কবার্তা পাঠানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা রিনিউ বা নবায়ন করা না হলে, ডিজিটাল সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবেই ওই প্রতিষ্ঠানের আইডি সাময়িকভাবে ব্লক বা স্থগিত হয়ে যাবে।

৩. তৃতীয় পক্ষ অডিট (Third-Party Auditing)

সরকারি পরিদর্শকদের জনবলের চিরন্তন সংকটকে দূর করতে তদারকির কাজটিকে বেসরকারি পেশাদার থার্ড-পার্টি এজেন্সির মাধ্যমে আউটসোর্স করার আইনি বিধান রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত ফায়ার, বিল্ডিং সেফটি এবং হাইজিন অডিট কোম্পানিগুলো প্রতি বছর হোটেল, রিসোর্ট ও অন্যান্য  আবাসন প্রতিষ্ঠানগুলো যৌতভাবে পরিদর্শন করে মানদণ্ডের সার্টিফিকেট দেবে। আর রাষ্ট্র বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ শুধু সেই রিপোর্টের সত্যতা ও নির্ভুলতা ডিজিটাল অডিটের মাধ্যমে যাচাই করবে।

৪. গ্রাহক-চালিত রেটিং ও অভিযোগ (Citizen-Led Enforcement)

আইন বাস্তবায়নে সাধারণ পর্যটক ও জনগণকে সম্পৃক্ত করার চেয়ে বড় কোনো নজরদারি ব্যবস্থা হতে পারে না। এই লক্ষ্যে দুটি বিশেষ পদক্ষেপ নেওয়া হবে:

ক. কিউআর কোড কমপ্লায়েন্স (QR Code Compliance): প্রতিটি হোটেল বা আবাসনের রিসেপশন ও দৃশ্যমান স্থানে একটি ইউনিক সরকারি QR Code প্রদর্শন করা আইনগতভাবে বাধ্যতামূলক হবে। কোনো গ্রাহক বা পর্যটক যদি সেখানে নিরাপত্তা ত্রুটি, অতিরিক্ত ভাড়া আদায়, নোংরা পরিবেশ কিংবা কোনো অব্যবস্থাপনা দেখেন, তবে ওই কিউআর কোড স্ক্যান করে সরাসরি প্রমাণসহ (ছবি বা ভিডিও) কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সেলে অভিযোগ পাঠাতে পারবেন।

খ. পাবলিক রেটিং (Public Rating): বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘ট্রিপঅ্যাডভাইজার’ বা ‘গুগল রিভিউ’-এর মতো সরকারের নিজস্ব অ্যাপেও প্রতিটি আবাসনের একটি অফিশিয়াল কমপ্লায়েন্স রেটিং থাকবে, যা দেখে সাধারণ গ্রাহকরা বুকিং করার আগেই প্রোপার্টির মান ও নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে পারবেন।

৫. জবাবদিহিতা ও দায়িত্বের অবহেলা (Failure of Duty)

প্রস্তাবিত আইনের সবচেয়ে বৈপ্লবিক ধারাটি হবে এটি। আইনে শুধু ব্যবসায়ী বা উদ্যোক্তাদের শাস্তির কথা না রেখে, তদারকির দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের অবহেলার জন্যও কঠোর শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। কোনো নির্দিষ্ট এলাকায় লাইসেন্সবিহীন, অবৈধ কিংবা মারাত্মক নিরাপত্তা ত্রুটিযুক্ত আবাসন বছরের পর বছর চলার পর যদি কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটে, তবে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর বা কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি “ফেইলর অফ ডিউটি”বা দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বিভাগীয় ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আইনি ধারা এতে সংযুক্ত করতে হবে। এর ফলে মাঠপর্যায়ের জবাবদিহিতা শতভাগ নিশ্চিত হবে।

তবে আমাদের চূড়ান্তভাবে এটি বিবেচনায় রাখতে হবে যে, কেবল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পরিবর্তন করাই সংস্কার বা আইন সংশোধনের শেষ কথা নয়; মূল লক্ষ্য হলো এমন একটি স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে লাইসেন্স প্রদান থেকে শুরু করে প্রতিষ্ঠানের কার্যক্রমের নিয়মিত তদারকি পর্যন্ত প্রতিটি পর্যায়ে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত হবে। এই লক্ষ্যে পর্যটন আবাসন খাতে সুনির্দিষ্ট আইন, আধুনিক বিধিবিধান ও আচরণবিধির পাশাপাশি নিয়মিত কারিগরি তদারকি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করাই হতে পারে টেকসই সংস্কার তথা আইন সংশোধনের অন্যতম প্রধান শর্ত।

অতএব, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও ব্যবসা সহজীকরণের স্বার্থে প্রস্তাবিত “সমন্বিত পর্যটন আবাসন আইন”(Integrated Tourism Accommodation Act)-এর এমন একটি সমন্বিত আইনি কাঠামো থাকা চাই, যা নিম্নোক্ত মৌলিক বিষয়গুলো নিশ্চিত করবে:

১. আইনের আওতা (Scope of the Act):  ঐতিহ্যবাহী পাঁচতারা হোটেল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র আবাসন, কটেজ, ইকো-রিসোর্ট, ভিলা ও স্বল্পমেয়াদি ভাড়ার সম্পত্তি (Short-term Rentals) পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক আবাসনের স্পষ্ট আইনি সংজ্ঞা নির্ধারণ।

২. শ্রেণিবিন্যাস (Classification):  হোটেল, রিসোর্ট, রিসোর্ট হোটেল, মোটেল, গেস্টহাউস, ট্যুরিস্ট হোম, ডে-হোম, হোমস্টে, কটেজ, সার্ভিসড অ্যাপার্টমেন্ট এবং ক্যাম্পিং সাইটের মতো প্রতিটির স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক  আইনি শ্রেণি বিভাজন।

৩. নিবন্ধন ও লাইসেন্স (Registration & Licensing): প্রথাগত আমলাতান্ত্রিক জটিলতামুক্ত সহজ, স্বচ্ছ ও শতভাগ ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটি ইউনিক ও যাচাইযোগ্য সরকারি পরিচিতি নম্বর নিশ্চিতকরণ।

৪. অগ্নি ও ভবন নিরাপত্তা (Fire & Building Safety): আবাসন প্রতিষ্ঠানের ধরন, অতিথি ধারণক্ষমতা, ভবনের উচ্চতা ও কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন করে বাস্তবসম্মত ও বাধ্যতামূলক অগ্নি ও ভবন নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ।

৫. পরিবেশ ও ভূমি ব্যবহার (Environment & Land Use): সুন্দরবন বা লাউয়াছড়ার মতো প্রাকৃতিক বন, সংরক্ষিত বনাঞ্চল, সমুদ্র উপকূল, হাওর, পাহাড় ও পরিবেশগতভাবে সংবেদনশীল (ECA) অঞ্চলের জন্য টেকসই পর্যটন ও বিশেষ পরিবেশগত আইনি বিধান নিশ্চিতকরণ।

৬. অতিথির অধিকার (Guest Rights): আবাসন বুকিংয়ের স্বচ্ছ শর্তাবলি, প্রদর্শিত মূল্য ও করের স্বচ্ছতা, গ্রাহক হয়রানি বন্ধ, অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সেবার গুরুতর ঘাটতির ক্ষেত্রে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট আইনি নিয়ম প্রণয়ন।

৭. আচরণবিধি (Code of Conduct): প্রোপার্টির মালিক, পেশাদার ব্যবস্থাপক, ফ্রন্টলাইন কর্মী, বুকিং প্ল্যাটফর্ম (যেমন: Airbnb বা দেশীয় অ্যাপ) এবং সেবা গ্রহণকারী অতিথি—প্রত্যেক পক্ষের পারস্পরিক দায়িত্ব ও আচরণবিধি সুনির্দিষ্ট করা।

  1. তদারকি ও শাস্তি (Monitoring & Enforcement): সনাতনী পরিদর্শনের বদলে আধুনিক প্রযুক্তি-নির্ভর নিয়মিত তদারকি, ঝুঁকিভিত্তিক নজরদারি, ভুল সংশোধনের যৌক্তিক সুযোগ প্রদান এবং গুরুতর আইন লঙ্ঘনের ক্ষেত্রে কার্যকর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।

পরিশেষে বলা যায়—

বাংলাদেশে পর্যটন আবাসন খাতের দীর্ঘমেয়াদী স্থবিরতা দূর করতে সব ধরনের প্রতিষ্ঠানকে একটি সমন্বিত প্রগতিশীল আইনগত কাঠামোর আওতায় আনা আজ সময়ের দাবি। তবে এই একীভূতকরণের অর্থ এই নয় যে সবার ওপর একই নিয়ম চাপিয়ে দেওয়া হবে। বরং হোটেল, মোটেল, রিসোর্ট, রিসোর্ট হোটেল, গেস্টহাউস, ট্যুরিস্ট হোম, ডে-হোম, কটেজ, লজ ও অন্যান্য আবাসন প্রতিষ্ঠানের স্বতন্ত্র সংজ্ঞা, পরিচালনা পদ্ধতি, বৈশিষ্ট্য ও শ্রেণিবিন্যাস প্রস্তাবিত মূল আইন বা তার অধীনে প্রণীত বিধিমালায় সুস্পষ্টভাবে বিধিবদ্ধ থাকতে হবে। এর চূড়ান্ত উদ্দেশ্য হবে পর্যটকদের বিভ্রান্তি দূর করা, নতুন ও তরুণ উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ ও বৈষম্যহীন নিয়মতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের পর্যটন আবাসন খাতে টেকসই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

লেখকঃ চেয়ারম্যান, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজ (সিটিএস)

ট্যাগস :

সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা

সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা

আপডেট সময় ১০:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬