ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের একটি আদর্শ উপজেলায় কৌশলগত পর্যটন উন্নয়ন: প্রেক্ষিত বিয়ানীবাজার ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন

সিলেটের একটি আদর্শ উপজেলায় কৌশলগত পর্যটন উন্নয়ন: প্রেক্ষিত বিয়ানীবাজার

 বাংলাদেশের পর্যটন খাতকে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও কেন্দ্রীভূত পরিকল্পনার বৃত্ত থেকে বের করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলাকে একটি ‘জাতীয় মডেল উপজেলা’হিসেবে গড়ে তোলার কৌশলগত রূপরেখা এই প্রবন্ধে তুলে ধরা হয়েছে। দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার সীমাবদ্ধতা কাটিয়ে দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এখানে ‘পণ্যভিত্তিক পর্যটন অঞ্চল’(Product-based Tourism Zone) এবং পাঁচ বছর মেয়াদি ‘কৌশলগত পর্যটন পরিকল্পনা’(২০২৬–২০৩১) প্রয়োগের প্রস্তাব করা হয়েছে। জলঢুবের টিলা, মুড়িয়া হাওর, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সুতারকান্দি স্থলবন্দর ও এশিয়ান হাইওয়েভিত্তিক ক্রস-বর্ডার ট্যুরিজম, কৃষি ও গ্রামীণ জীবন, এবং প্রবাসী অধ্যুষিত এলাকার উন্নত জীবনমান ও বিনিয়োগ সক্ষমতার সমন্বয়ে বিয়ানীবাজারে ১৫টি স্বতন্ত্র পর্যটন পণ্য বিকাশের সুযোগ রয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (PPP) ও প্রবাসী বিনিয়োগকে কাজে লাগিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক পর্যটন উন্নয়ন সমন্বয় কাঠামো গড়ে তুলে পরিকল্পনাটি বাস্তবায়ন করা যেতে পারে। যথাযথ সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় আইনগত ভিত্তি সাপেক্ষে কাঠামোটি পরবর্তীতে প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। সফলভাবে বাস্তবায়িত হলে এটি দেশের অন্যান্য সম্ভাবনাময় উপজেলার জন্যও ব্যবহারিক ও অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে বিষয়ে বিস্তারিত লিখেছেন   জামিউল আহমেদ

১. ভূমিকা ও পর্যটনের সামগ্রিক দর্শন : পর্যটন একটি বিশাল ও বিস্তৃত শিল্প। এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বিভিন্ন খাত, উপখাত, পেশা এবং জনবলের সংখ্যা অগণিত। এজন্য পর্যটনকে বলা হয় “ট্যুরিজম ইজ এভরিবডিজ বিজনেস” (Tourism is Everybody’s Business) বা পর্যটন হচ্ছে সবার ব্যবসা। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষের সাথেই পর্যটনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে।

অথচ বিশ্বের একক সর্ববৃহৎ শিল্প এই পর্যটনের নিজস্ব বলে কিছু নেই। এটি মূলত অন্যদের মধ্যে সমন্বয়কের কাজটুকু করে। অর্থাৎ বহুপাক্ষিক স্বার্থকে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে একত্রিত করে যৌথভাবে সাফল্য আনে এবং তা নিজ নিজ হিস্যা অনুযায়ী বণ্টন করে দেয়। এখানে সুনাম ও পরিচিতি ব্যতীত পর্যটনের নিজের কোনো একক স্বার্থ থাকে না।

ধরুন, একটি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এমন এক বা একাধিক দৃশ্য ও নান্দনিক বিষয় থাকে, যার পুরোটা হয়তো এখনো অজানাই রয়ে গেছে। এর সাথে ওই এলাকায় পুরাতন এবং নতুন কিছু স্থাপনাও থাকে, যা বিভিন্ন সময়ে কোনো না কোনো প্রয়োজনে তৈরি করা হয়েছে। তার কোনোটি হয়তো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যদিও তা মানুষকে আকৃষ্ট করে। আবার নতুন স্থাপনাগুলোর কিছু কিছু মানুষকে পুরাতনের চেয়েও বেশি আকৃষ্ট করে; কারণ প্রয়োজনের তাগিদে এগুলো চালু ও দৃশ্যমান অবস্থায় যত্ন পায় এবং অন্যদের দৃষ্টি কাড়ে।

প্রকৃতিপ্রদত্ত এবং মানবসৃষ্ট এই আকর্ষণগুলো অনেক সময় অবহেলায় পড়ে থাকে। অথচ এগুলোকে চিহ্নিত করে পরিকল্পনামাফিক উন্নয়ন সাধন করা গেলে মানুষ আরও বেশি আকৃষ্ট হবে এবং ঐতিহ্যগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। পাশাপাশি নানা কর্মকাণ্ডকে ঘিরে গড়ে উঠবে নতুন নতুন ব্যবসা, যা পর্যটন ব্যবসা হিসেবে পরিচিতি পাবে। এতে যে আয়-রোজগার বাড়বে, তার দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে দারিদ্র্য দূরীকরণ হবে এবং বাইরে থেকে আগত দর্শনার্থীদের সাথে স্থানীয়দের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। বাড়তি সুফল হিসেবে প্রকৃতি ও পরিবেশ রক্ষা পাবে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনও সহজতর হবে।

তবে কাজটি মোটেও সহজ নয়; কারণ বহুমাত্রিক শিল্প হিসেবে এর সাথে অনেক কিছু সম্পৃক্ত। প্রথমেই একটি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পর তা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। এজন্য সরকারি খাত— যেমন রাজনৈতিক সরকার ও প্রশাসনিক সরকার (বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষ ইত্যাদি) এবং বেসরকারি খাত— যেমন আবাসন, যানবাহন, খাবার ও পানীয়, বিনোদন, ভ্রমণ আয়োজন ও পরিচালন ইত্যাদি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে একসাথে কাজ করতে হয়। কিন্তু এদের প্রত্যেকেরই নিজস্ব অবস্থান ও আলাদা পরিচিতি রয়েছে। নিজের স্বার্থ নিশ্চিত না হলে তারা কেউ এতে জড়াতে চাইবে না। সবার স্বার্থ রক্ষার নিশ্চয়তা দিয়ে সবাইকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার কাজটি একমাত্র পর্যটনই সার্থকভাবে করতে পারে। এজন্যই পর্যটন বিশ্বজনীনভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে, জড়ো হওয়া এই খাতগুলোর মাত্র একটি সরে গেলে পর্যটনের অস্তিত্ব টিকে থাকাই কঠিন হয়ে পড়ে।

২. প্রেক্ষাপট: মহাপরিকল্পনার সীমাবদ্ধতা ও কৌশলগত পর্যটন উন্নয়নের প্রয়োজনীয়তা : গোটা পৃথিবীর প্রায় প্রতিটি দেশ ও অঞ্চল এখন তাদের সম্ভাবনাকে পর্যটনের মাধ্যমে কাজে লাগাতে ব্যস্ত। কিন্তু প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ পর্যন্ত তা কাঙ্ক্ষিতভাবে কাজে লাগাতে পারেনি। এর পেছনে অন্যতম বড় কারণ হলো সঠিক পরিকল্পনা পদ্ধতির অভাব এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা।

বিশ্বজুড়ে পর্যটন উন্নয়নের ধারণায় এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। ২০ বা ২৫ বছর মেয়াদী তথা দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার (Master Plan) যুগ এখন অনেকটাই শেষ; কারণ দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট, প্রযুক্তি এবং পর্যটকদের রুচির পরিবর্তনের সাথে এত দীর্ঘমেয়াদী পরিকল্পনা খাপ খাওয়াতে পারে না। তাছাড়া, মাঠপর্যায়ের অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে কেবল ‘সার্কিট-নির্ভর’(Circuit-based) পরিকল্পনা সাজালে তা বাস্তবে মুখ থুবড়ে পড়ে। এর বদলে বিশ্বব্যাপী এখন ‘কৌশলগত পর্যটন উন্নয়ন’ (Strategic Tourism Development) এবং ‘পণ্যভিত্তিক পর্যটন অঞ্চল’(Product-based Tourism Zone) গড়ে তোলার ধারণাটি অত্যন্ত জনপ্রিয় ও সফল।

আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এই স্বল্পমেয়াদী কৌশলগত পরিকল্পনা কাজে লাগিয়ে মাত্র তিন বছরের মধ্যে তাদের ধ্বংসপ্রায় পর্যটন শিল্পকে আবারও বিশ্বমানচিত্রে ফিরিয়ে এনেছে। বাংলাদেশেও দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে ৩ থেকে ৫ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনার মাধ্যমে পণ্যভিত্তিক পর্যটন অঞ্চল গড়ে তোলা এখন সময়ের দাবি।

বাংলাদেশের পর্যটন সম্ভাবনার মানচিত্রে সিলেট তথা জালালাবাদ অঞ্চল বিশেষ গুরুত্ব বহন করে। প্রকৃতি এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে; পাশাপাশি রয়েছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রবাসীদের অর্থনৈতিক শক্তি ও বিনিয়োগ সক্ষমতা। ভূপ্রকৃতি, আন্তর্জাতিক স্থলবন্দর ও এশিয়ান হাইওয়ের সংযোগ এবং বহুমাত্রিক পর্যটন সম্পদ বিবেচনায় সিলেটের বিয়ানীবাজার উপজেলাকে একটি আদর্শ ‘পণ্যভিত্তিক পর্যটন অঞ্চল’ও মডেল উপজেলা হিসেবে বিবেচনার জোরালো ভিত্তি রয়েছে। এখানে পাহাড়ি টিলা, হাওর-নদী-জলাভূমি, কৃষি ও গ্রামীণ জীবন, ঐতিহাসিক-প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় ঐতিহ্য, খাদ্য-সংস্কৃতি, ক্রীড়া, কেনাকাটা, প্রবাসী-সম্পর্কিত VFR পর্যটন এবং আন্তর্জাতিক সীমান্ত-সংযোগ এমন ভিন্ন প্রকৃতির সম্পদ একই উপজেলার মধ্যে বিদ্যমান। অর্থাৎ বিয়ানীবাজারের সম্ভাবনা শুধু পর্যটন পণ্যের সংখ্যায় নয়, পণ্যের ধরন, অভিজ্ঞতা, লক্ষ্য- পর্যটক ও বাজারের বৈচিত্র্যেও প্রকাশিত। এই বৈচিত্র্যই একে মডেল উপজেলা হিসেবে পরীক্ষার উপযোগী করে তোলে। বিয়ানীবাজারে একটি কার্যকর মডেল গড়ে তোলা গেলে তা দেশের অন্যান্য উপজেলার জন্যও অনুকরণীয় ছক হিসেবে কাজ করতে পারে।

৩. পরিকল্পনা পদ্ধতি ও তথ্য-উপাত্ত সংগ্রহ : যেকোনো কর্মসম্পাদনের আগেই দরকার হয় একটি বাস্তবসম্মত পরিকল্পনা। বিখ্যাত পরিকল্পনাবিদ ডব্লিউ এইচ নিউম্যান (W. H. Newman) বলেছেন, “কী করা হবে সে বিষয়ে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকে পরিকল্পনা বলে।“ পরিকল্পনার প্রত্যাশিত ফল হলো লক্ষ্য, আর এখানে আমাদের লক্ষ্য হলো স্বল্প সময়ে দৃশ্যমান ও টেকসই পর্যটন উন্নয়ন।

এই লক্ষ্য অর্জনের জন্য তিনটি ধাপ অনুসরণ করা অপরিহার্য:

১. বর্তমান সার্বিক অবস্থা জানা (তথ্য-উপাত্ত সংগ্রহ);

২. করণীয় নির্ধারণ (তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ); এবং

৩. বাস্তবায়ন কৌশল (সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণ)।

তথ্য-উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে প্রাথমিক (মাঠ জরিপ) এবং মাধ্যমিক (বিভিন্ন দাপ্তরিক সূত্র)— উভয় পদ্ধতির মিশ্রণ ব্যবহার করা হয়েছে। বিয়ানীবাজার লেখকের নিজের জন্মস্থান হওয়ার সুবাদে দাপ্তরিক তথ্যের পাশাপাশি সরাসরি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতাও এতে যুক্ত হয়েছে।

(ক) বিয়ানীবাজার উপজেলার মৌলিক তথ্য-উপাত্ত

(১)  পরিচিতি ও ভূ-প্রকৃতি: বিয়ানীবাজার উপজেলার ভূ-প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় ও মিশ্র। এখানে যেমন রয়েছে উঁচু ভূমি ও টিলা, তেমনি রয়েছে নদী, খাল, বিল ও হাওর সমেত বিস্তীর্ণ সমতল ভূমি। উঁচু টিলার বেশিরভাগ অংশ ‘জলঢুব’নামে পরিচিত, যা একসময় বিয়ানীবাজার ও বড়লেখার অংশবিশেষ নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ থানা ছিল। বনজ ও ফলজ বৃক্ষে ঘেরা জলঢুবের নৈসর্গিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। এখানকার সুমিষ্ট কমলালেবু ও আনারস দেশজুড়ে বিখ্যাত। এছাড়া আম, জাম, কাঁঠাল, কলা এবং বিশেষ জাতের লেবু— যেমন সাতকরা, তিতকরা, আদালেবু, করুন, শাসনি ও জারা লেবু প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। পাশাপাশি জলঢুবে দুটি গ্যাস ও তেলকূপ রয়েছে। সমতল ভূমিতে রয়েছে সবুজ ফসলের মাঠ এবং মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত মুড়িয়া হাওর। এখানকার প্রবাসীদের অধিকাংশই ইউরোপ ও আমেরিকায় পরিবারসহ বসবাস করেন, যা উপজেলাটিকে অর্থনৈতিকভাবে অত্যন্ত মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে।

(২)  সীমানা ও আন্তর্জাতিক সংযোগ: উত্তরে কানাইঘাট উপজেলা; পূর্বে জকিগঞ্জ উপজেলা এবং ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ (শ্রীভূমি) জেলা; দক্ষিণে বড়লেখা উপজেলা এবং পশ্চিমে গোলাপগঞ্জ উপজেলা। ভারতের সাথে উপজেলার সীমান্ত রয়েছে ২৪ কিলোমিটার। বিশেষ করে সুতারকান্দি (শেওলা) স্থলবন্দর দিয়ে এশিয়ান হাইওয়ে সরাসরি ভারতে প্রবেশ করায় এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে পরিণত হয়েছে।

(৩)  আয়তন ও অবস্থান: মোট আয়তন ২৫১.২২ বর্গকিলোমিটার এবং সিলেট জেলা সদর থেকে এর দূরত্ব ৫১ কিলোমিটার।

(৪) জনসংখ্যা: ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী মোট জনসংখ্যা ২,৬০,৬০৩ জন। (এর আগে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল ২,৫৩,৩৭০ জন; যার মধ্যে পুরুষ ১,২২,৭৩৬ জন এবং মহিলা ১,২৭,৭১৬ জন। ধর্মীয় বিভাজনে মুসলমান ২,০০,৯৯০ জন, হিন্দু ৯,২৩৬ জন এবং অন্যান্য ৭৪ জন)।

(৫) নদ-নদী ও কৃষি: নদী ০৩টি (কুশিয়ারা, সুরমা ও সুনাই), হাওর ০১টি (মুড়িয়া হাওর), বিল ২৩টি, মৎস্য চাষের আওতায় পুকুর/দিঘি ৪,২১০টি, হাঁস-মুরগির খামার ১৭৮টি, কৃত্রিম প্রজনন কেন্দ্র ০১টি এবং দুগ্ধ খামার ৩৫টি।

(৬)  প্রশাসনিক ও আর্থিক প্রতিষ্ঠান: ইউনিয়ন ১০টি, পৌরসভা ০১টি, সরকারি কলেজ ০১টি, বেসরকারি কলেজ ০৪টি এবং সরকারি-বেসরকারি ব্যাংক ২৮টি।

(৭)  ক্লাব ও সামাজিক সমিতি: প্রেস ক্লাব ০১টি, স্পোর্টস ক্লাব ১০টি, গণমিলনায়তন ০১টি, নিবন্ধিত ক্লাব ৬৫টি, সমবায় সমিতি ১৮৭টি এবং যুব সমবায় সমিতি ২০টি।

(৮) পর্যটন সেবা প্রতিষ্ঠান: সাধারণ মানের হোটেল ০৪টি, পেয়িং গেস্ট ১০টি, ডাকবাংলো ০২টি, উন্নত মানের রেস্তোরাঁ ১২টি, ট্র্যাভেল এজেন্সি ৪০টি, ট্যুর অপারেটর ০০টি এবং আধুনিক বিপণীবিতান ১০টি।

(৯) ধর্মীয় স্থাপনা: মসজিদ ৪১০টি, মন্দির ১৯টি, আউলিয়ার মাজার ০৭টি এবং হিন্দু তীর্থস্থান ০১টি।

(১০)  নিরাপত্তা ও সীমান্ত অবকাঠামো: পুলিশ স্টেশন ০১টি, চেকপোস্ট/ফাঁড়ি ০২টি, বিজিবি ব্যাটালিয়ন (৫২) ০১টি, বিজিবি সীমান্ত ফাঁড়ি ০৩টি, কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্ট ০১টি (সুতারকান্দি/শেওলা), চালু বর্ডার হাট ০১টি এবং স্থাপনাধীন বর্ডার হাট ০১টি।

(১১). মুক্তিযুদ্ধ ও ক্রীড়া অবকাঠামো: বীর মুক্তিযোদ্ধা ৫৯৭ জন, মুক্তিযোদ্ধা সংসদ ১২টি, গণকবর/বধ্যভূমি ০৪টি, স্মৃতিস্তম্ভ ০১টি, স্টেডিয়াম ০১টি (নির্মাণাধীন) এবং খেলার মাঠ ১৫টি।

৪. তথ্য-উপাত্ত বিশ্লেষণ (SWOT Analysis)

সংগৃহীত তথ্য-উপাত্তগুলোকে সোয়াট (SWOT)— অর্থাৎ শক্তি (Strengths), দুর্বলতা (Weaknesses), সুযোগ (Opportunities) এবং হুমকি (Threats)—এই চারটি মানদণ্ডে বিশ্লেষণ করা হলো:

এক – শক্তি (Strengths)

বিয়ানীবাজারের ভৌগোলিক অবস্থান এবং টিলা ও সমতল ভূমির অপূর্ব মিশ্রণ একে একটি আদর্শ পর্যটন গন্তব্য হওয়ার পথে এগিয়ে রেখেছে। মনোরম আবহাওয়া, অর্থনৈতিক স্বাবলম্বিতা, উন্নত জীবনমান, সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং এশিয়ান হাইওয়ে ও সুতারকান্দি স্থলবন্দরের কৌশলগত গুরুত্ব এর অন্যতম বড় শক্তি। বিশেষ করে প্রবাসীদের পাঠানো বিপুল রেমিট্যান্স এবং স্থানীয় ও বিদেশি বিনিয়োগের সক্ষমতা এই উপজেলায় পর্যটন অবকাঠামো নির্মাণের শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

দুই – দুর্বলতা (Weaknesses)

পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠী— বিশেষ করে তরুণ সমাজের সম্পৃক্ততা এবং এ বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। পর্যটনের মাধ্যমে কীভাবে দারিদ্র্য দূর করা যায় ও স্থানীয় অর্থনীতি চাঙ্গা করা যায় সে বিষয়ে কোনো প্রচারণা নেই। ফলে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে এখন পর্যন্ত কোনো ট্যুর অপারেটর প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। উন্নত মানের রেস্তোরাঁ থাকলেও পর্যটকদের থাকার মতো আন্তর্জাতিক বা মানসম্মত হোটেল ও রিসোর্টের অভাব রয়েছে। প্রবাসী পুঁজির প্রাচুর্য থাকলেও তা পর্যটন খাতে বিনিয়োগের কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

তিন – সুযোগ (Opportunities): ১৫টি পণ্যভিত্তিক পর্যটন সম্ভাবনা

সার্কিট-নির্ভর জটিলতার বদলে বিয়ানীবাজারকে একটি ‘পণ্যভিত্তিক পর্যটন অঞ্চল’হিসেবে গড়ে তুললে এর প্রাকৃতিক, সাংস্কৃতিক ও মানবসৃষ্ট সম্পদকে কাজে লাগিয়ে ১৫টি স্বতন্ত্র, পরস্পর-সম্পূরক পর্যটন পণ্য বিকাশের সুযোগ রয়েছে। এগুলোর কোনোটি প্রকৃতিনির্ভর, কোনোটি ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর, আবার কোনোটি জীবনধারা, অর্থনীতি, সীমান্ত-সংযোগ বা বিশেষ আগ্রহভিত্তিক অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। ফলে একই উপজেলায় বিভিন্ন বয়স, আগ্রহ, ব্যয়ক্ষমতা ও ভ্রমণ-উদ্দেশ্যের পর্যটকদের জন্য পৃথক বাজার তৈরির সম্ভাবনা রয়েছে:

(১)  ক্রস-বর্ডার ট্যুরিজম (Cross-Border Tourism): বিয়ানীবাজারের সুতারকান্দি (শেওলা) স্থলবন্দর দিয়ে এশিয়ান হাইওয়ে সরাসরি ভারতে প্রবেশ করায় এটি আন্তঃসীমান্ত পর্যটনের এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই আন্তর্জাতিক রুট, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং চালু ও স্থাপনাধীন বর্ডার হাটগুলোকে কেন্দ্র করে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরার পর্যটকদের জন্য বিয়ানীবাজারে প্রবেশ এবং বাংলাদেশের পর্যটকদের উত্তর-পূর্ব ভারতে ভ্রমণের জন্য ‘ডে-ট্যুর’ (Day-Tour) ও বিশেষ ‘প্যাকেজ ট্যুর’পরিচালনার অবারিত সুযোগ রয়েছে।

(২)   নেচার বা গ্রিন ট্যুরিজম (Nature/Green Tourism): জলঢুবের টিলাবেষ্টিত নৈসর্গিক পরিবেশ এবং খাল-বিল-নদী বিধৌত সমতলের সবুজ ফসলের মাঠকে কেন্দ্র করে প্রকৃতি পর্যটন।

(৩)  কৃষি পর্যটন (Agro-Tourism): কমলা, আনারস, সাতকরা ও অন্যান্য ফলের বাগান, কৃষিজমি, খামার, মৎস্য ও দুগ্ধ খামার এবং কৃষি উৎপাদন প্রক্রিয়াকে পর্যটন অভিজ্ঞতার অংশ করা। মৌসুমভিত্তিক ফল সংগ্রহ, বাগান পরিদর্শন, কৃষকের সঙ্গে মতবিনিময় ও স্থানীয় কৃষিপণ্য পরিচিতির মাধ্যমে এ পণ্যের বিকাশ করা যেতে পারে।

(৪)  গ্রামীণ পর্যটন (Rural Tourism): বিয়ানীবাজারের গ্রামীণ জনপদ, আঁকাবাঁকা মেঠোপথ, নদী-খাল-বিল, গ্রামীণ পরিবেশ, স্থানীয় আতিথেয়তা, লোকজ সংস্কৃতি, মেলা, রথযাত্রা, হস্তশিল্প ও দৈনন্দিন জীবনধারাকে কেন্দ্র করে গ্রামীণ পর্যটনের বিকাশ। প্রবাসীদের তৈরি দৃষ্টিনন্দন ‘লন্ডনি বাড়ি’ এ অভিজ্ঞতার একটি স্বতন্ত্র উপাদান হিসেবে যুক্ত হতে পারে।

(৫)  হিস্টোরিক্যাল বা মুক্তিযুদ্ধভিত্তিক পর্যটন (Historical Tourism): মহান মুক্তিযুদ্ধের গণকবর, বধ্যভূমি, স্মৃতিসৌধ এবং স্থানীয় ইতিহাসভিত্তিক প্রকাশনাগুলোকে কেন্দ্র করে বিশেষ আগ্রহী পর্যটকদের (Special Interest Tourists) জন্য ইতিহাস পর্যটন।

(৬)  বার্ড ওয়াচিং, ফিশিং ও রিভারাইন ট্যুরিজম: মুড়িয়া হাওরের শীতের অতিথি পাখি, বিলের দেশীয় মাছ এবং কুশিয়ারা ও সুনাই নদীতে নৌ-ভ্রমণ ও মৎস্য শিকারের আনন্দ উপভোগ।

(৭) ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস (VFR) ট্যুরিজম: বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কয়েক লক্ষ বিয়ানীবাজারবাসী যখন স্বজনদের সাথে দেখা করতে দেশে ফেরেন, তখন তাদের পরিবারসহ স্থানীয় পর্যটন স্পটগুলোতে ভ্রমণের বিশাল সুযোগ।

(৮) রিলিজিয়াস ট্যুরিজম (Religious Tourism): প্রাচীন স্থাপত্যশৈলীর আলীনগর মসজিদ, আংগুরা মোহাম্মদপুর মসজিদ, বাহাদুরপুর মসজিদ, বাসুদেব বাড়ি, জলঢুব কালীমন্দির এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার শ্রীচৈতন্যদেবের বাড়িকে যুক্ত করে ধর্মীয় পর্যটন সার্কিট।

(৯)  আর্কিওলজিক্যাল ট্যুরিজম (Archaeological Tourism): প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত বাহাদুরপুর মসজিদ, পাল রাজার বাড়ির ধ্বংসাবশেষ এবং বাসুদেব বাড়ির মতো প্রাচীন স্থাপনাগুলো সংরক্ষণ করে প্রত্নতাত্ত্বিক পর্যটন।

(১০)  শপিং ট্যুরিজম (Shopping Tourism): প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় উপজেলা শহরের অন্তত ১০টি আধুনিক বিপণীবিতান এবং নামীদামী ব্র্যান্ডের শোরুমে বিদেশি ও মানসম্মত পণ্যের সমাহার রয়েছে, যা দেশের অভ্যন্তরীণ ক্রেতাদের পাশাপাশি সীমান্তের ওপারের ভারতীয় পর্যটকদেরও আকর্ষণ করতে পারে।

(১১) স্পোর্টস ট্যুরিজম (Sports Tourism): উপজেলার ১০টি সক্রিয় স্পোর্টস ক্লাব এবং নির্মাণাধীন স্টেডিয়ামকে কাজে লাগিয়ে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় আন্তঃজেলা ও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রীড়া পর্যটন।

(১২)  কিউলিনারি বা ফুড ট্যুরিজম (Culinary/Food Tourism): উপজেলার ১২টি উন্নত মানের রেস্তোরাঁর পাশাপাশি সিলেটের ঐতিহ্যবাহী খাবার— যেমন সাতকরা ও তিতকরা দিয়ে গরুর মাংস, আদা-লেবুর মুরগি, বিলের টাটকা মাছ, বিরন ভাত এবং চুঙ্গাপোড়া পিঠাকে ব্র্যান্ডিং করে খাদ্য পর্যটন।

(১৩)  এডুকেশনাল ও কালচারাল ট্যুরিজম (Educational & Cultural Tourism): একটি সরকারি কলেজসহ পাঁচটি মহাবিদ্যালয়, ঐতিহ্যবাহী গোলাবিয়া পাবলিক লাইব্রেরি এবং স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা সফর, সেমিনার এবং ঐতিহ্যবাহী সিলেটি লোকসংগীতের আসর আয়োজন।

(১৪)  ভি এফ আর হোম-স্টে ও বুটিক রিসোর্ট ট্যুরিজম: প্রবাসীদের বছরের পর বছর খালি পড়ে থাকা দৃষ্টিনন্দন বাড়িগুলোকে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনার অধীনে এনে নিরাপদ ‘হেরিটেজ হোম-স্টে’ বা বুটিক রিসোর্টে রূপান্তর করা।

(১৫)  ট্রানজিট ও বিজনেস ট্যুরিজম (Transit & Business Tourism): এশিয়ান হাইওয়ে এবং সুতারকান্দি স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী দেশি-বিদেশি ব্যবসায়ী ও ভ্রমণকারীদের জন্য আধুনিক বিশ্রামাগার, কনভেনশন সেন্টার এবং ট্রানজিট হোটেল সেবা প্রদান।

পণ্যগুলোর এই বৈচিত্র্যকে বাস্তব পর্যটন অভিজ্ঞতায় রূপ দিতে প্রতিটির জন্য আলাদা লক্ষ্য- পর্যটক, উপযুক্ত মৌসুম, প্রবেশাধিকার, সেবার চাহিদা, সম্ভাব্য আয় এবং পরিবেশগত সীমা নির্ধারণ করতে হবে। প্রাথমিক মাঠ জরিপে এসব বিষয় যাচাই করে অগ্রাধিকারভিত্তিকভাবে পণ্য চালু করা উচিত; সব পণ্য একসঙ্গে চালুর প্রয়োজন নেই।

চার – হুমকি (Threats)

উন্নয়নের পথে যেকোনো বাধাই হুমকি হিসেবে গণ্য হয়। বিয়ানীবাজারের জন্য সবচেয়ে বড় হুমকি হলো কর্মক্ষম যুবসমাজের ব্যাপকহারে বিদেশ পাড়ি জমানো। বিশ্ব পর্যটনের প্রায় ৬৫ শতাংশ শ্রমশক্তি হলো তরুণ ও নারী। স্থানীয় তরুণরা এলাকা ছেড়ে চলে গেলে পর্যটন খাত পরিচালনার জন্য দক্ষ জনবলের সংকট দেখা দেবে।

অন্যদিকে, স্থানীয় জনগণের মধ্যে পর্যটন সচেতনতার অভাব এবং যথাযথ সংরক্ষণের অভাবে অনেক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং টিলা ও হাওরের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

৫. সম্ভাব্য ট্যুর প্যাকেজ (প্রস্তাবিত)

বিয়ানীবাজারের পণ্যভিত্তিক পর্যটন আকর্ষণগুলোকে বাণিজ্যিকভাবে উপস্থাপন করতে নিচের তিনটি নমুনা ভ্রমণ প্যাকেজ চালু করা যেতে পারে:

প্যাকেজ ১: এক দিনের ‘সীমান্ত-সংযোগ, স্থানীয় স্বাদ ও কেনাকাটা’অভিজ্ঞতা (অনুমোদিত দেশি-বিদেশি পর্যটকদের জন্য)

  •   সকাল: সুতারকান্দি স্থলবন্দর ও বর্ডার হাট পরিদর্শন এবং এশিয়ান হাইওয়ের সৌন্দর্য উপভোগ।
  •   দুপুর: বিয়ানীবাজার শহরের অভিজাত রেস্তোরাঁয় ঐতিহ্যবাহী সিলেটি মধ্যাহ্নভোজ এবং আধুনিক বিপণীবিতানে শপিং।
  •   বিকেল: টিলাবেষ্টিত জলঢুবের আঁকাবাঁকা পথ ধরে সবুজাভ পরিবেশে বিভিন্ন ফসলের বাগান ঘুরে গন্তব্যে ফেরা।

প্যাকেজ ২: এক দিনের ‘ঐতিহ্য, স্থানীয় খাবার ও মুড়িয়া হাওর’ভ্রমণ (সিলেট ও আশপাশের পর্যটকদের জন্য)

  •   সকাল: সিলেট থেকে বিয়ানীবাজার আগমন এবং প্রাচীন মসজিদ-মন্দির ও পাল রাজার বাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শন।
  • দুপুর: বিলের টাটকা মাছ ও সাতকরা দিয়ে মধ্যাহ্নভোজ এবং আধুনিক বিপণীবিতানে শপিং।
  • বিকেল: মুড়িয়া হাওরে নৌ-ভ্রমণ ও সূর্যাস্ত উপভোগ অথবা টিলাবেষ্টিত জলঢুবের আঁকাবাঁকা পথ ধরে সবুজাভ পরিবেশে বিভিন্ন ফসলের বাগান ঘুরে গন্তব্যে ফেরা।

প্যাকেজ ৩: দুই দিনের ‘গ্রামীণ জীবন, কৃষি ও প্রকৃতি’অভিজ্ঞতা (ঢাকা, প্রবাসী পরিবার ও বিশেষ আগ্রহী পর্যটকদের জন্য)

  • ১ম দিন: বিয়ানীবাজারের দৃষ্টিনন্দন প্রবাসী ‘লন্ডনি বাড়ি’র হোম-স্টেতে অবস্থান, জলঢুবের ফল বাগান পরিদর্শন এবং সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ।
  • ২য় দিন: ভোরে মুড়িয়া হাওরে অতিথি পাখি পর্যবেক্ষণ এবং গ্রামীণ জনপদে হাঁটা/ মহান মুক্তিযুদ্ধের গণকবর,

বধ্যভূমি, স্মৃতিসৌধ পরিদর্শন অথবা সুতারকান্দি সীমান্ত এলাকা পরিদর্শন শেষে আধুনিক শপিংমলে শপিং।

৬. কৌশলগত সিদ্ধান্ত ও ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা (২০২৬–২০৩১)

দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুত ও দৃশ্যমান ফল পেতে নিচের ১৫টি কৌশলগত সিদ্ধান্তকে ৫ বছর মেয়াদী (স্বল্প ও মধ্যমেয়াদী) রোডম্যাপে বিভক্ত করে বাস্তবায়ন করতে হবে:

প্রথম ধাপ: ভিত্তি স্থাপন ও জরিপ (১ম বছর)

১. ব্যাপক ও নির্ভুল মাঠ জরিপ চালিয়ে উপজেলার সকল প্রাকৃতিক ও মানবসৃষ্ট পর্যটন সম্পদ চিহ্নিত করা।

২. চিহ্নিত পর্যটন সম্পদগুলোর গুরুত্ব অনুযায়ী স্তরবিন্যাস (Grading) করে সংরক্ষণ ও উন্নয়নের ব্যবস্থা করা।

৩. প্রতিটি পর্যটন সম্পদকে কোন ধরনের পর্যটন পণ্যে রূপান্তর করা হবে, তা সুনির্দিষ্ট করা।

৪. বিদ্যমান পর্যটন সেবা— যেমন আবাসন, পরিবহন, রেস্তোরাঁ, বিনোদন, ট্যুর অপারেটর, গাইড ও জরুরি স্বাস্থ্যসেবার তালিকা তৈরি করা।

৫. স্থানীয় জনগণ ও প্রবাসীদের মাঝে পর্যটনের অর্থনৈতিক সুফল তুলে ধরতে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো।

দ্বিতীয় ধাপ: অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন (২য় ও ৩য় বছর)

৬. সরকারি উদ্যোগে সাধারণ অবকাঠামো— যেমন এশিয়ান হাইওয়ে সংযোগ সড়ক, সেতু, সুতারকান্দি বন্দরের পর্যটক সুবিধা, বিদ্যুৎ, গ্যাস, বিশুদ্ধ পানি ও পাবলিক টয়লেট নির্মাণ নিশ্চিত করা।

৭. বেসরকারি ও প্রবাসী বিনিয়োগের মাধ্যমে পর্যটন অবকাঠামো— যেমন মানসম্মত হোটেল, ইকো-রিসোর্ট, হেরিটেজ হোম-স্টে, পর্যটন যান, কফি শপ ও বিনোদন পার্ক প্রতিষ্ঠা করা।

৮. প্রবাসী ও স্থানীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে জমি প্রাপ্তি, সহজ শর্তে ব্যাংক ঋণ, কর রেয়াত এবং বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা।

৯. পর্যটন খাতের জন্য দক্ষ ও শিক্ষিত মানবসম্পদ তৈরি করা।

১০. স্থানীয় তরুণ-তরুণী ও নারীদের সম্পৃক্ত করতে আতিথেয়তা, ট্যুর গাইডিং ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা।

তৃতীয় ধাপ: পণ্য বিপণন, মান নিয়ন্ত্রণ ও ব্র্যান্ডিং (৪র্থ ও ৫ম বছর)

১১. পণ্যগুলো স্থানীয়, অভ্যন্তরীণ নাকি আন্তর্জাতিক (বিশেষ করে ক্রস-বর্ডার) পর্যটকদের জন্য উপযোগী, তা নির্ধারণ করে সেই অনুযায়ী মান নিয়ন্ত্রণ ও বিপণন ব্যবস্থা গড়ে তোলা।

১২. চিহ্নিত সেবাগুলোর ঘাটতি পূরণ এবং সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া।

১৩. পর্যটন সেবাগুলোর নিয়মিত তদারকি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

১৪. পর্যটকদের সঠিক তথ্য ও জরুরি সহায়তা প্রদানের জন্য উপজেলা সদর এবং সুতারকান্দি স্থলবন্দরে আধুনিক ‘ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার’ স্থাপন করা।

১৫. আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিয়ানীবাজারের পর্যটন তথ্যের ডিজিটাল ডাটাবেজ তৈরি, আকর্ষণীয় ব্র্যান্ডিং (যেমন: “টিলা, হাওর ও সীমান্ত আভিজাত্যের বিয়ানীবাজার।“) এবং আন্তর্জাতিক ডিজিটাল মার্কেটিং চালু করা।

৭. বাস্তবায়ন রূপরেখা (Implementation Framework)

যেকোনো পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়তা, সততা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোই হলো মূল শক্তি। বিয়ানীবাজারের কৌশলগত পর্যটন পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিচের প্রাতিষ্ঠানিক পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে:

১. ‘বিয়ানীবাজার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন:

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে সভাপতি করে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন:

  • সরকারি পর্যটন বিভাগ বা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধি;
  • উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশলী (LGED) ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা;
  • স্থানীয় থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং সুতারকান্দি স্থলবন্দর/ইমিগ্রেশন প্রতিনিধি; পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির প্রতিনিধি (হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, বিনোদন, ট্র্যাভেল এজেন্ট, ট্যুর অপারেটর ও গাইড সমিতি);
  • প্রবাসী পর্যটন বিনিয়োগকারীদের প্রতিনিধি ও একজন নারী উদ্যোক্তা প্রতিনিধি;
  • পর্যটন শিক্ষাবিদ ও প্রশিক্ষক, বিশিষ্ট পর্যটন ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, উপজেলা ক্রীড়া সংস্থা, প্রেস ক্লাব এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি। কমিটিতে স্থানীয় জনগোষ্ঠী, নারী, এনজিও ও পর্যটক- স্বার্থের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

২. প্রাতিষ্ঠানিক মর্যাদা ও পরিচালনা:

প্রাথমিক পর্যায়ে এই কাঠামোটি ‘বিয়ানীবাজার উপজেলা পর্যটন উন্নয়ন সমন্বয় কমিটি’হিসেবে কাজ করবে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন, প্রয়োজনীয় আইনগত ভিত্তি ও প্রশাসনিক ক্ষমতা নিশ্চিত হওয়ার পরই একে ‘পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ’হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয় বিবেচনা করা যাবে। অনুমোদন না পাওয়া পর্যন্ত কমিটি প্রচলিত আইন ও বিধিবিধানের মধ্যে থেকে সমন্বয়, পরামর্শ, উদ্যোগ গ্রহণ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের কাজ করবে; কোনো সংবিধিবদ্ধ ক্ষমতা বা লাইসেন্স/কর আরোপের ক্ষমতা নিজে থেকে প্রয়োগ করবে না।

৩. দাপ্তরিক কাঠামো:

কমিটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা সদরে একটি স্থায়ী কার্যালয় থাকবে এবং কমিটি নিজস্ব তহবিল বা অনুমোদনের ভিত্তিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তদারকি করবে।

৪. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া:

কমিটির সাধারণ সিদ্ধান্তগুলো উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গৃহীত হবে। তবে কোনো এলাকাকে ‘পর্যটন সংরক্ষিত এলাকা’ঘোষণা বা সরকারি নীতিমালার সাথে সংশ্লিষ্ট জনগুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তের প্রয়োজন হবে।

৫. কমিটির সুনির্দিষ্ট কর্মপরিধি (Terms of Reference):

(ক) পরিকল্পনা বাস্তবায়ন: উপরে উল্লিখিত ৫ বছর মেয়াদী ১৫টি কৌশলগত সিদ্ধান্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন করা।

(খ) উপ-কমিটি গঠন: তথ্য সংগ্রহ, তহবিল গঠন, বিনিয়োগ সম্মেলন আয়োজন এবং বিশেষ সমস্যা নিরসনে বিষয়ভিত্তিক উপ-কমিটি গঠন করা।

(গ) তহবিল ও বিনিয়োগ মডেল: সরকারি অনুদানের পাশাপাশি প্রবাসী বিনিয়োগকারীদের নিয়ে ‘ভি এফ আর ট্যুরিজম ইনভেস্টমেন্ট ফান্ড’, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) এবং স্থানীয় ব্যাংক ও প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিল সংগ্রহ করা।

(ঘ) স্থানীয় পর্যটন উন্নয়ন কর: সরকারি অনুমোদন সাপেক্ষে স্থানীয় পর্যটন সেবা খাত থেকে স্বল্প হারে ‘পর্যটন উন্নয়ন লেভি’সংগ্রহ করে তহবিল সমৃদ্ধ করা।

(ঙ) পর্যটন এলাকা সংরক্ষণ: ‘পর্যটন অপরিহার্য এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন, ২০১০’ -এর আওতায় জলঢুবের টিলা, মুড়িয়া হাওর ও প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে ‘সংরক্ষিত পর্যটন এলাকা’হিসেবে ঘোষণা ও রক্ষণাবেক্ষণ করা।

(চ) দায়িত্বশীল পর্যটন ও পর্যটন ব্যবস্থাপনা: স্থানীয় প্রশাসন/সরকার, স্থানীয় জনগোষ্ঠী, পর্যটন ব্যবসায়ী, পর্যটক, গণমাধ্যম, এনজিও এবং নারী প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান, ন্যায্য স্থানীয় অর্থনৈতিক সুফল, বর্জ্য ব্যবস্থাপনা, সেবার মান, পর্যটক ও স্থানীয় মানুষের নিরাপত্তা এবং অভিযোগ নিষ্পত্তির জন্য আচরণবিধি প্রণয়ন ও বাস্তবায়নে সমন্বয় করা।

(জ) মানবসম্পদ উন্নয়ন: স্থানীয় তরুণদের জন্য আতিথেয়তা, ট্যুর গাইডিং ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা।

(ঝ) তথ্য সংরক্ষণ: উপজেলার পর্যটন বিষয়ক নির্ভুল পরিসংখ্যান ও ডাটাবেজ নিয়মিত হালনাগাদ রাখা।

(ঞ) পরিবীক্ষণ ও মূল্যায়ন: প্রতি বছর কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা, পর্যটক সংখ্যা ও সন্তুষ্টি, স্থানীয় কর্মসংস্থান, নারী ও তরুণদের অংশগ্রহণ, স্থানীয় ব্যবসার আয়, বিনিয়োগ, পরিবেশগত অবস্থা এবং অভিযোগ নিষ্পত্তির তথ্যভিত্তিক মূল্যায়ন করা; প্রয়োজনে পরিকল্পনা সংশোধন করা।

(ট) সার্বিক উন্নয়ন: প্রচলিত আইন মেনে বিয়ানীবাজারের পর্যটন বিকাশে সময়োপযোগী যেকোনো উদ্যোগ গ্রহণ করা।

৮. উপসংহার

পর্যটন উন্নয়নে আন্তরিক সদিচ্ছা থাকলে এবং দীর্ঘমেয়াদী কাগুজে মহাপরিকল্পনার বদলে স্বল্পমেয়াদী ‘কৌশলগত পর্যটন পরিকল্পনা’ও ‘পণ্যভিত্তিক পর্যটন অঞ্চল’ধারণা প্রয়োগ করলে বিয়ানীবাজারের মতো একটি সম্ভাবনাময় উপজেলাকে মাত্র ৫ বছরের মধ্যেই একটি বিশ্বমানের পর্যটন গন্তব্যে পরিণত করা সম্ভব। বিয়ানীবাজারের এই ব্যবহারিক সাফল্য সরকার ও নীতিনির্ধারকদের সামনে একটি জীবন্ত উদাহরণ হিসেবে দাঁড়াবে, যা প্রমাণ করবে যে তৃণমূল থেকেই কীভাবে জাতীয় পর্যটন অর্থনীতিকে চাঙ্গা করা যায়। বিশ্বজুড়ে পর্যটন শিল্প এভাবেই বিকশিত হয়েছে। অথচ পর্যাপ্ত পর্যটন সম্পদ থাকার পরও সিলেট তথা বাংলাদেশের পর্যটন খাত ইতোমধ্যে প্রত্যাশা পূরণে অনেকটা পিছিয়ে পড়েছে। তাই আর বিলম্ব না করে বিয়ানীবাজারকে একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকার, প্রশাসন, প্রবাসী উদ্যোক্তা এবং স্থানীয় সচেতন মহলকে এখনই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

লেখক পরিচিতি:

চেয়ারম্যান, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজ (সিটিএস); পর্যটন বিশেষজ্ঞ, গবেষক, লেখক ও পর্যটন ব্যক্তিত্ব।

ট্যাগস :

আপডেট সময় ০৭:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬