নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সে শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘সাফ নারী সম্মাননা-২০২৬’ পেয়েছেন শিক্ষক, অনুবাদক, সংগঠক ও সংস্কৃতিকর্মী হাসনাত জাহান।
গতকাল রোববার (১৫ নভেম্বর) বিকেলে প্যারিসে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি খিয়াং নয়ন ও সাধারণ সম্পাদক শাহিন আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা গ্রহণের পর সাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাসনাত জাহান বলেন, ‘ভাষা ও সংস্কৃতির বিকাশ ছাড়া কোনো জাতিই স্বকীয়তা নিয়ে বেঁচে থাকতে পারে না। আর সবার আগে প্রয়োজন শিক্ষা। কারণ, প্রতিটি মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ শান্তির আশা করতে পারি না।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, মানুষ মানুষের জন্য উদ্গ্রীব হোক। একে অন্যের ব্যথায় ব্যথিত হোক, আনন্দে আনন্দিত হোক।’
উল্লেখ্য, গত ৭ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাসনাত জাহানের জন্য ‘সাফ নারী সম্মাননা-২০২৬’ ঘোষণা করা হয়েছিল। তবে অনিবার্য কারণে সেদিন তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া সম্ভব হয়নি। এরই ধারাবাহিকতায় গতকাল আনুষ্ঠানিকভাবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
নিজস্ব সংবাদ : 









